রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হচ্ছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বিরোধী দলীয় উপনেতা হচ্ছেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতে নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিরোধী দলীয় চিফ হুইপ হচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ মঙ্গলবার সংসদ সদস্যদের শপথ শেষে সংসদীয় দলের সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
বৈঠকে অংশ নেওয়া গাইবান্ধা জেলার জামায়াতের আমীর ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে আজ সংবিধান সংস্কার পরিষদ ও সংসদ সদস্য হিসেবে দুটি শপথই নিয়েছেন জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা।
প্রথমে শপথ নেন জামায়াতের নির্বাচিত ৬৮ জন সংসদ সদস্য। তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সংবিধান সংশোধন পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন। শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
জামায়াতের সংসদ সদস্যদের পর দুটি শপথ নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচিত সংসদ সদস্যরা।
গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হওয়ার কথা। সে হিসেবে নির্বাচিতরা প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং এরপর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা ছিল।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদে শপথ নিয়েছেন বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা। কিন্তু তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।
আরও পড়ুন: দুটি শপথ নিয়েছেন জামায়াত ও এনসিপির সংসদ সদস্যরা
