বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

যেকোনো মূল্যে তিস্তা প্রকল্প বাস্তবায়নের ঘোষণা জামায়াত আমীরের


নীলফামারীতে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।

রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি ২০২৬, ৬:০৩ অপরাহ্ণ

জামায়াতে ইসলামী সরকার গঠন করলে যে কোনো মূল্যের বিনিময়ে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে বলে ঘোষণা দিয়েছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ার করে বলেন, ‘কারও লাল চোখের পরোয়া করবো না। আমার দেশের স্বার্থ সবার আগে।’

আজ বুধবার বিকেলে নীলফামারীর ডালিয়া ব্যারেজ পয়েন্টে তিস্তার হেলিপ্যাডে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াতে ইসলামী নীলফামারী ও লালমনিরহাট জেলা শাখা এ সমাবেশের আয়োজন করে।

ডা. শফিকুর রহমান বলেন, ‘তিস্তা এ অঞ্চলের মানুষের জন্য নেয়ামত ও অহংকার হওয়ার কথা ছিল। কিন্তু আজ তিস্তা এক সাগর দুঃখে পরিণত হয়েছে। আমরা কথা দিচ্ছি, ইনশাআল্লাহ এই তিস্তাকে আবার জীবন দেবো। আর তিস্তার বুকে কঙ্কাল পড়ে থাকবে না, মরুভূমিও থাকবে না।’

তিস্তা প্রকল্পের রূপরেখা তুলে ধরে জামায়াত আমীর বলেন, ‘তিস্তাকে কেন্দ্র করে উত্তরবঙ্গের অর্থনীতি গড়ে তোলা হবে। এখান থেকে হাইড্রোপাওয়ার উৎপাদন করা হবে, তিস্তার পানি সারা উত্তরবঙ্গকে উর্বর করবে এবং নদীভাঙনের কবলে পড়ে হাজার হাজার পরিবার আর নিঃস্ব হবে না।’

 

ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, ‘দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের সঙ্গে সৎ মায়ের সন্তানের মতো আচরণ করা হয়েছে।’

জামায়াত আমীর বলেন, ‘নিজেদের তৈরি ফ্যাসিবাদের যন্ত্রণা এড়াতে অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছে। আমরা বিপদের সময় দেশ ছেড়ে পালাইনি।’

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, ‘তারা দেশ ও মানুষের সম্পদ লুট করে ফ্যাসিবাদ কায়েম করেছে এবং দেশকে বিভক্ত করেছে। এনাফ ইজ এনাফ। অনেক হয়েছে, এবার রাজনীতি থেকে সরে যাও।’

ভোটের প্রসঙ্গে জামায়াত আমীর বলেন, ‘হ্যাঁ ভোটের শক্তি বস্তাপচা রাজনীতি ও চাঁদাবাজদের সঙ্গে নেই। এরা জুলাইয়ের শক্তি। হ্যাঁ ভোটের বিজয় মানে জনতার বিজয়, আর হ্যাঁ ভোটের পরাজয় মানে জনতার পরাজয়।’

বর্তমান রাজনীতির অবস্থা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, ‘রাজনীতি ও দুর্নীতি একসঙ্গে চলতে পারে না। যারা দুর্নীতি করে, তারা ডাকাত।’

বিচার বিভাগ সম্পর্কে জামায়াত আমীর বলেন, ‘জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে স্বাধীন বিচারব্যবস্থা কায়েম করা হবে। একই অপরাধে রাষ্ট্রপতি ও সাধারণ মানুষের জন্য একই শাস্তি নিশ্চিত করা হবে। তরুণদের নিয়েই আমরা একটি যৌবনদীপ্ত ও তারুণ্যনির্ভর বাংলাদেশ গড়তে চাই।’

সমাবেশে লালমনিরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ১১ দলীয় জোটের নেতাকর্মীসহ নীলফামারী ও লালমনিরহাট জেলার সাতজন সংসদ সদস্য প্রার্থী।

আরও পড়ুন: জামায়াত আমীরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর