, | |

মূলপাতা জাতীয়

জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত


রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:১২ : অপরাহ্ণ

জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বুধবার সকালে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন আইন অনুযায়ী ভোটগ্রহণ আপাতত স্থগিত রাখা হয়েছে। পরবর্তীতে নতুন তফসিল ঘোষণা করা হবে।

আইন অনুযায়ী নির্বাচনী বিধান গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর ১ উপধারায় বলা হয়েছে, যদি মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করেন, তবে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করতে হবে।

গতকাল মঙ্গলবার রাতে কিডনি জটিলতায় শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মো. নুরুজ্জামান বাদল (৫১) মারা যান।

এই আসনে প্রতিদ্বন্দ্বিতায় আছেন বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল (ধানের শীষ), ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মুফতি আবু তালেব মো. সাইফুদ্দিন (হাতপাখা), বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী মো. মিজানুর রহমান (কাঁচি) এবং বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাদশা (মোটরসাইকেল)।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি ঝিনাইগাতী মিনি স্টেডিয়ামে প্রার্থীদের ইশতেহার পাঠ অনুষ্ঠানে আসনটি ঘিরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। সেই সংঘর্ষে গুরুতর আহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ওই উত্তপ্ত পরিস্থিতির রেশ কাটতে না কাটতেই এবার মূল প্রার্থীর মৃত্যু হয়।

আরও পড়ুন: জামায়াত আমীরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর