বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা জামায়াতে ইসলামী

সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশের ঘোষণা জামায়াতের


ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ২৭ জানুয়ারি ২০২৬, ৬:০২ অপরাহ্ণ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। সারাদেশে নির্বাচনী প্রচারণার সময় জামায়াতের নারী কর্মীদের হেনস্তা, হামলা এবং কার্যক্রমে বাধা দেওয়ার প্রতিবাদে এই কর্মসূচির ডাক দিয়েছে দলটি।

আজ মঙ্গলবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের উদ্যোগে আগামী ৩১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই নারী সমাবেশ অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ তাহের বলেন, এই প্রথমবার আমাদের নারী সংগঠনের কর্মীরা বাধ্য হয়ে প্রকাশ্যে এসে প্রতিবাদ সমাবেশ করবেন। দেশজুড়ে নির্বাচনী প্রচারণার সময় জামায়াতের মহিলা বিভাগের নেতা-কর্মীরা বিএনপির পক্ষ থেকে হামলা, হেনস্তা ও ভয়ভীতির শিকার হচ্ছেন। সারাদেশ থেকে ৯টি এলাকায় হামলার খবর পাওয়া গেছে। তবে প্রকৃত সংখ্যা এর বেশি হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াতের এই নায়েবে আমীর বলেন, এসব হামলার সঙ্গে বিএনপির লোকজন জড়িত।

আব্দুল্লাহ তাহের বলেন, জামায়াতের মহিলা বিভাগের নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে এসব অপতৎপরতার বিরুদ্ধে প্রকাশ্য প্রতিবাদ জানাবেন। যদি নির্বাচন কমিশন ও সরকার এতে কর্ণপাত না করে, তবে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। পাশাপাশি ১১ দলীয় নির্বাচনী ঐক্যও এ নিয়ে মাঠে নামবে।

রাজনৈতিক দলে নারী প্রতিনিধিত্ব নিয়ে আরপিওর (গণপ্রতিনিধিত্ব আদেশ) বাধ্যবাধকতার প্রসঙ্গ টেনে জামায়াতের এই নায়েবে আমীর দাবি করেন, একমাত্র জামায়াতই ৩৩ শতাংশ নারীর প্রতিনিধিত্বের শর্ত পূরণ করতে পেরেছে। অথচ প্রতিপক্ষরা অপপ্রচার চালাচ্ছে যে জামায়াতে নারীদের গুরুত্ব কম।

আব্দুল্লাহ তাহের বলেন, দেশে জামায়াতের নারী সমর্থক বেশি হওয়ায় তাদের ভোটও বেশি। নারীরা শান্তিপ্রিয় এবং তারা উচ্ছৃঙ্খলতা পছন্দ করেন না বলেই জামায়াতকে বেছে নেন।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম ও এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: দেশে সমর্থক নেই বলেই ভারতে সংবাদ সম্মেলন করছে আ.লীগ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর