বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা ধর্ম

চাঁদ দেখা যায়নি, শবে বরাত ৩ ফেব্রুয়ারি



রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ১৯ জানুয়ারি ২০২৬, ৭:৩৪ অপরাহ্ণ

দেশের আকাশে আজ সোমবার আরবি ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী বুধবার (২১ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসেবে পবিত্র শবে বরাত পালিত হবে ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে।

আজ সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী আজ সন্ধ্যায় দেশের কোথাও চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) রজব মাস ৩০ দিন পূর্ণ হবে। বুধবার থেকে শুরু হবে পবিত্র শাবান মাস। সেই হিসেবে শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত বা ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে পালিত হবে শবে বরাত।

মুসলিম উম্মাহর কাছে ‘লাইলাতুল বরাত’ বা শবে বরাত অত্যন্ত বরকতময় একটি রাত। শবে বরাত ‘লাইলাতুল বরাত’ নামেও পরিচিত। ফারসি ‘শব’ শব্দটির অর্থ রাত, আর ‘বরাত’ শব্দের অর্থ ভাগ্য। তাই শবে বরাত শব্দের অর্থ ভাগ্যরজনী বা ভাগ্যের রাত। এ কারণে ধর্মপ্রাণ মুসলমানদের কাছে শবে বরাত ‘ভাগ্য রজনী’ হিসেবে পরিচিত।

শবে বরাতের পুণ্যময় রাতটি বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলমানরা নফল নামাজ, কোরআন তিলাওয়াতসহ ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে থাকেন। দিনে রোজা রাখবেন অনেকে। দান-খয়রাত করবেন। বিগত জীবনের পাপ মার্জনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে হাত তুলবেন আল্লাহ দরবারে।

পবিত্র মাহে রমজানের আগমনী বার্তা নিয়ে প্রতিবছর আরবি শাবান মাসের ১৫ তারিখে এ রাত আসে। তাই শবে বরাত থেকেই কার্যত রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায়।

আরও পড়ুন: নামাজে সিজদার সময় আগে হাঁটু না হাত রাখতে হবে?

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর