বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা আন্তর্জাতিক

ট্রাম্পকে নোবেল পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিচ্ছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো।

রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ১৬ জানুয়ারি ২০২৬, ৯:২৭ পূর্বাহ্ণ

ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন। মাচাদো ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার জিতেছিলেন গণতন্ত্র ও মানুষের অধিকার নিয়ে কাজের জন্য।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে তাকে সোনার পদকটি উপহার দেন মাচাদো।

এই উদ্যোগকে ‘পারস্পরিক সম্মানের একটি চমৎকার নিদর্শন’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘মারিয়া আমার করা কাজের স্বীকৃতিস্বরূপ আমাকে তার নোবেল শান্তি পুরস্কার উপহার দিয়েছেন।’

মাচাদোকে ‘অসাধারণ একজন নারী, যিনি অনেক কষ্টের মধ্য দিয়ে গেছেন’ বলেও প্রশংসা করেন ট্রাম্প। পাশাপাশি, তার সঙ্গে সাক্ষাৎ করাকে বড় সম্মান বলে উল্লেখ করেন।

ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের পর মার্কিন ক্যাপিটলের বাইরে সাংবাদিকদের মাচাদো বলেন, ‘আমি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে নোবেল শান্তি পুরস্কারের মেডেলটি উপহার দিয়েছি। আমি মনে করি আজ ভেনেজুয়েলাবাসীদের জন্য একটি ঐতিহাসিক দিন।’

 

নোবেল কমিটি গত সপ্তাহে এক বিবৃতিতে বলেছে, একবার নোবেল পুরস্কার ঘোষণা করা হলে তা বাতিল, ভাগ বা অন্যের কাছে হস্তান্তর করা যায় না। এই সিদ্ধান্ত চূড়ান্ত এবং চিরস্থায়ী।

হোয়াইট হাউসে বৈঠকের আগে বৃহস্পতিবার নোবেল পিস সেন্টার এক্স–এ লিখেছিল, একটি পদকের মালিক বদলাতে পারে, কিন্তু নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর উপাধি বদলানো যায় না।

এদিকে, মাচাদো ওয়াশিংটন সফরে কংগ্রেসেও মার্কিন সিনেটরদের সঙ্গে বৈঠক করেন। মাচাদোর ট্রাম্পের সঙ্গে বৈঠকে প্রত্যাশা ছিল, তিনি রদ্রিগেজের অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়া যে ভুল, তা বোঝাতে চেষ্টা করবেন এবং তার বিরোধী জোটই এই রূপান্তরের দায়িত্বে থাকা উচিত বলে দাবি করবেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বৈঠক চলাকালে সাংবাদিকদের বলেন, ট্রাম্প এই বৈঠকের অপেক্ষায় ছিলেন। তবে স্বল্পমেয়াদে দেশ পরিচালনার জন্য প্রয়োজনীয় সমর্থন মাচাদোর নেই বলে মনে করেন তিনি। মাচাদো বর্তমানে ভেনেজুয়েলার সরকারের বিভিন্ন পক্ষের সঙ্গে প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় রয়েছেন। দেশটির ভবিষ্যৎ শাসনব্যবস্থায় ভূমিকা নিশ্চিত করতে এ প্রতিযোগিতা চলছে।

গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্র। এর ফলে দেশটিতে গণতান্ত্রিক রূপান্তরের আশা জেগেছে। তবে ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি বলেন, মাচাদো সিনেটরদের জানিয়েছেন যে, দমন-পীড়নের পরিস্থিতি এখনো মাদুরোর সময়ের মতোই রয়ে গেছে। তিনি সম্ভাব্য নির্বাচনের বিষয়ে সন্দেহ প্রকাশ করেন।

আরও পড়ুন: ভেনেজুয়েলা অভিযানে মার্কিন বাহিনীর ‘রহস্যজনক’ অস্ত্র ব্যবহার

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর