, | |

মূলপাতা ক্যাম্পাস রাজনীতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও শিবিরের জয়জয়কার


বিজয়ের খবরে ভিক্টরি চিহ্ন দেখাচ্ছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ, ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম ও এজিএস প্রার্থী মাসুদ রানা।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৮ জানুয়ারি, ২০২৬ ১২:২৬ : পূর্বাহ্ণ

ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিকতায় এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনেও জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। ভাইস প্রেসিডেন্ট (ভিপি), জেনারেল সেক্রেটারি (জিএস) ও অ্যাসিসটেন্ট জেনারেল সেক্রেটারিসহ (এজিএস) পদেসর্বাধিক পদে জয়লাভ করেছে প্যানেলটি।

কেন্দ্রীয় সংসদের ৩৮টি কেন্দ্রের ভোট গণনা শেষে বুধবার (৭ জানুয়ারি) রাত ১২ টার দিকে জকসু নির্বাচন কমিশন ফল ঘোষণা করে।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৫৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট।

এছাড়া জিএস পদে শিবির সমর্থিত প্যানেলের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ১৩৩ ভোট।

এদিকে এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের মাসুদ রানা পেয়েছেন ৫ হাজার ১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের বিএম আতিকুর তানজিল পেয়েছেন ৪ হাজার ৭৫ ভোট।

এর আগে গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশক পর প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) এবং একটি হলের শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়। সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। এরপর ব্যালট বাক্সগুলো কেন্দ্রীয় অডিটোরিয়ামে আনা হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় ছয়টি ওএমআর (অপটিকাল মার্ক রিকগনিশন) মেশিনে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়। কিন্তু গণনার তথ্যে গড়মিল দেখা দেওয়ায় মাঝে দীর্ঘ সময় ভোট গণনা বন্ধ থাকে। পরে রাতে আবার শুরু হয় গণনার কাজ।

জকসু নির্বাচনে ভোটার ছিল ১৬ হাজার ৬৪৫ জন। প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার। একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদেও ভোট হয়েছে। হল সংসদের মোট ভোটার ছিলো ১২৪২ জন। সেখানে প্রায় ৭৭ শতাংশ ভোট পড়েছে।

আরও পড়ুন: রাকসু নির্বাচনে ভিপি-এজিএস পদে জয়ী শিবির, জিএসে স্বতন্ত্র

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর