বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, আইসিসিকে চিঠি



স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময় : ৪ জানুয়ারি ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে জাতীয় দলকে ভারতে না পাঠানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচের ভেন্যু ভারতের বাইরে সরিয়ে নেওয়ার জন্য চিঠি দিয়েছে বিসিবি। আজ রোববার অনুষ্ঠিত বোর্ড পরিচালকদের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই নাটকীয় সিদ্ধান্তের মূলে রয়েছে আইপিএলে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক। গতকাল শনিবার ভারতের ক্ষমতাসীন দল বিজেপির রাজনীতিবিদ ও ধর্মীয় নেতাদের দাবির মুখে দেশটির ক্রিকেত বোর্ড বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে তাদের ২০২৬ আইপিএলের স্কোয়াড থেকে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়।

চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও রাজনৈতিক ও সাম্প্রদায়িক কারণে একজন বিশ্বমানের ক্রিকেটারকে এভাবে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশে ক্ষোভের সৃষ্টি হয়। সরকারের ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল এই ঘটনার কড়া প্রতিবাদ জানান।

আসিফ নজরুল স্পষ্ট ভাষায় বলেন, যেখানে একজন বাংলাদেশি ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না, সেখানে পুরো জাতীয় দলের ভারত সফর কোনোভাবেই নিরাপদ হতে পারে না। তিনি বিসিবিকে আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের দাবি জানানোর জন্য কঠোর নির্দেশনাও দিয়েছেন।

এদিকে পাকিন্তানের মতো বাংলাদেশের ম্যাচগুলোও অন্য কোনো দেশে আয়োজনের জন্য আইসিসিকে চিঠি দিয়েছে বোর্ড। আজ বিকেলে বিসিবির কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিসিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, টুর্নামেন্টের কর্তৃপক্ষ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) অনুরোধ জানিয়েছে, বাংলাদেশের সব ম্যাচ যেন ভারতের বাইরে কোনো ভেন্যুতে স্থানান্তর করার বিষয়টি বিবেচনা করা হয়।

আগামী ৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনে কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের অভিযান শুরুর কথা ছিল। একই ভেন্যুতে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষেও খেলার সূচি ছিল তাদের। এরপর নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে মুম্বাই যাওয়ার কথা ছিল লিটন দাসের দলের। বিশ্বকাপের জন্য আজ সকালে লিটন দাসকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

আরও পড়ুন: মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় বোর্ডের

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর