রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ৩ জানুয়ারি ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
ভেনেজুয়েলার আটক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার (৩ জানুয়ারি) মধ্যরাতে নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয় বলে জানানো হয়েছে। পরে হেলিকপ্টারে করে তাকে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে নেওয়া হয়। মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটকের পর মার্কিন যুদ্ধজাহাজে করে নিউ ইয়র্কে নেওয়া হচ্ছে।
তবে প্রকাশিত ছবিতে মাদুরোর স্ত্রীকে দেখা যায়নি। ফলে তার স্ত্রী মাদুরোর পাশে ছিলেন কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ প্রকাশিত ছবিতে দেখা গেছে, ছবিতে দেখা যায়, এক সময়ের দোর্দণ্ড প্রতাপশালী এই নেতা একটি ধূসর রঙের ট্র্যাকসুট (ব্যায়ামের পোশাক) পরে আছেন। তার চোখ একটি কালো রঙের বিশেষ পট্টি (সেন্সর-ডিপ্রাইভেশন গগলস) দিয়ে ঢাকা এবং কানে হেডফোন লাগানো। হাতে একটি পানির বোতল ধরা অবস্থায় তাকে বেশ বিধ্বস্ত দেখাচ্ছিল।
ছবিটি প্রকাশের পর ফক্স নিউজকে টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প নিশ্চিত করেছেন, মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বহনকারী জাহাজটি এখন নিউ ইয়র্কের দিকে এগোচ্ছে।
ফক্স নিউজের উপস্থাপক গ্রিফ জেনকিন্স ট্রাম্পকে জিজ্ঞাসা করেছিলেন, ‘আপনি কি আমাদের বলতে পারেন যে মাদুরো ও তার স্ত্রী এই মুহূর্তে কোথায় আছেন?’
জবাবে ট্রাম্প বলেন, ‘তারা নিউইয়র্ক যাচ্ছেন।’
গ্রিফিন প্রশ্ন করেন, ‘তাদের কি প্রথমে জাহাজে নিয়ে যাওয়া হয়েছিল?’
হ্যাঁ সূচক উত্তর দিয়ে ট্রাম্প বলেন, ‘তারা ইউএসএস ইও জিমা জাহাজে আছে। তাদের নিউইয়র্কে নেওয়া হবে। হেলিকপ্টারে তাদের প্রথমে প্রাসাদ থেকে বের করে আনা হয়। তারা হেলিকপ্টারে খুব ভালো একটি ফ্লাইটে করে গেছেন-আমার বিশ্বাস তারা এই ফ্লাইট খুব পছন্দ করেছেন। কিন্তু মনে রাখুন, মাদুরো ও তার স্ত্রী অনেক অনেক মানুষকে হত্যা করেছেন।’
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানিয়েছেন, ভেনেজুয়েলায় হামলার আগে মাদুরোকে সুযোগ দেওয়ার কথা বলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।
কী ধরনের সুযোগ দেওয়ার কথা বলেছিলেন-এমন প্রশ্নের জবাবে ফক্স নিউজকে ট্রাম্প বলেছেন, ‘আমি বলেছিলাম, আপনাকে ক্ষমতা ছাড়তে হবে, আত্মসমর্পণ করতে হবে।’
মাদুরোর সঙ্গে এক সপ্তাহ আগে কথা বলেছিলেন জানিয়ে ট্রাম্প বলেছেন, ‘আমরা আলোচনা করেছি। আমি আসলে নিজে তার সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু আমি তাকে বলেছিলাম, আপনাকে ক্ষমতা ছাড়তে হবে, আত্মসমর্পণ করতে হবে।’
এর আগে স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাতে ভেনেজুয়েলায় হামলা চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে যায় মার্কিন বাহিনী।
আরও পড়ুন: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী মার্কিন বাহিনীর হাতে বন্দি
