স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময় : ৩ জানুয়ারি ২০২৬, ২:১৫ অপরাহ্ণ
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশের পরই বিষয়টা একরকম নিশ্চিত ছিল। বাকি ছিল কেবলমাত্র আনুষ্ঠানিকতা। এবার সে ঘোষণাও দিলো কলকাতা নাইট রাইডার্স। ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ মেনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী আসরের দল থেকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে কলকাতা। এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি বিষয়টি নিশ্চিত করেছে।
আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপি খরচ করে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের চলমান কূটনৈতিক উত্তেজনার জেরে এই পেসারকে বাদ দিয়ে বিকল্প বেঁছে নিতে অনুরোধ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, ‘দেশজুড়ে সৃষ্ট অস্থিরতার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে একজন ক্রিকেটার ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে। বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে তাদের স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর বিকল্প যেকোনো ক্রিকেটারকেই তাদের পছন্দমতো নেওয়ার সুযোগ দেবে বিসিসিআই। সংস্থার পক্ষ থেকে সেই অনুমোদন দেওয়া হয়েছে।’
ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান বলেন, ‘সাম্প্রতিক কিছু ঘটনার কারণে কেকেআরকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে। তারা চাইলে ওই ক্রিকেটারের বদলি হিসেবে নতুন করে কাউকে দলে নিতে পারবে।তবে কেকেআর যদি মুস্তাফিজের পরিবর্তে অন্য কোনো খেলোয়াড়কে দলে নিতে চায়, তবে বিসিসিআই সেই বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি দেবে বলেও তিনি আশ্বস্ত করেছেন।’
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ এনেছে বেশকিছু ভারতীয় সংবাদমাধ্যম। যেটা নিয়ে দেশটির সাধারণ মানুষদের মধ্যেও ব্যাপক ক্ষোভ দেখা যাচ্ছে। এমন উত্তেজনার মাঝে আইপিএলের নিলাম থেকে মোস্তাফিজকে নেওয়ায় খোদ কলকাতার মালিক শাহরুখ খানের ওপর চটেছেন ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে বেশ কয়েকজন বিজেপি নেতা। পরিস্থিতি ঘোলাটে হওয়ায় এক রকম বাধ্য হয়ে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার জন্য কলকাতাকে নির্দেশ দিয়েছে বিসিসিআই।
এর আগে মোস্তাফিজকে দলে নেওয়ায় কেকেআরের কর্ণধার বলিউড অভিনেতা শাহরুখ খানকে ‘দেশদ্রোহী’ আখ্যা দেন উত্তর প্রদেশ বিজেপির এক নেতা। এ ছাড়া দেশটির কয়েকজন কথিত আধ্যাত্মিক গুরুও এই ইস্যুতে শাহরুখকে নিশানা বানান।
ভারতীয় উপমহাদেশে রাজনৈতিক বৈরিতার আগুন ক্রীড়াঙ্গনেও ছড়িয়ে পড়ার নজির বেশ পুরোনো। বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর নিপীড়নের অভিযোগে সেই আগুনে জ্বলছে দেশ দুটির ক্রিকেটীয় সম্পর্ক। আইপিএলের ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ ৯.২০ কোটি রুপিতে এবার কলকাতায় ডাক পেয়েছেন মুস্তাফিজ। এর আগে তিনি আইপিএলের ৮ আসরে ৫টি দলের হয়ে খেলেছেন। কিন্তু এবার ভারতীয় হিন্দুত্ববাদী নেতাদের বিক্ষোভের মুখে তার খেলা শঙ্কার মুখে পড়েছে।
আরও পড়ুন: মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় বোর্ডের
