রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর ২০২৫, ৬:৪৪ অপরাহ্ণ
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। তিনি এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না।
আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন।
এদিকে এনসিপির বর্তমান নির্বাচন পরিচালনা কমিটির বর্তমান প্রধান নাসীরুদ্দীন পাটোয়ারী তার দায়িত্ব ছেড়ে দিয়ে নিজের সংসদীয় আসনে নির্বাচনী প্রচারে মনোযোগ দেবেন।
এদিকে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে নির্বাচন করতে মনোনয়নপত্র কিনেছিলেন। কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ রসুলপুর এলাকার রমজানুল করিম নামে একজন এনসিপি কর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার পক্ষে গত বুধবার মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে বিষয়টি অনেকটা গোপন ছিল। জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহেব আলী গত শনিবার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
আসিফ মাহমুদ গত ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। এরপর তিনি ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেন। শেষ পর্যন্ত তিনি কোনো আসন থেকে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন।
আরও পড়ুন: জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিলো এনসিপি ও এলডিপি
