রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর ২০২৫, ৪:১৮ অপরাহ্ণ
দীর্ঘ প্রবাস জীবন শেষে প্রায় ১৯ বছর পর আজ সোমবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেল ৪টার দিকে তিনি নয়াপল্টনে পৌঁছান। এ সময় কার্যালয়ের দ্বিতীয় তলায় বারান্দায় এসে তিনি অপেক্ষমাণ নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
উপস্থিত নেতাকর্মীর উদ্দেশে তারেক রহমান বলেন, আজ পল্টনে আমাদের কোনো কর্মসূচি নেই। তাই আপনারা রাস্তা ছেড়ে দিয়ে যার যার কাজ চলে যান। কারো যেনো যাতায়াতে দুর্ভোগ পহাতে না হয়। আমরা পরবর্তীতে একটি কর্মসূচি দেব। তখন আবার আপানাদের সঙ্গে কথা বলব।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যা বলেন, আমরা যার যার অবস্থান থেকে দেশকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করবো। আপনারাও আপনাদের সেই চেষ্টা অব্যাহত রাখবেন।
তারেক রহমানকে স্বাগত জানাতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েক হাজার নেতাকর্মী অবস্থান নেয়।
এ সময় কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা আব্দুস সালাম, ফরহাদ হালিম ডোনার, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।
এর আগে গতকাল রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান তারেক রহমান। ওই কার্যালয়ে এটিই ছিল তার প্রথম আগমন। এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য এই কার্যালয় খোলা হয়।
প্রায় ১৭ বছর নির্বাসন জীবন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। তার প্রত্যাবর্তন ঘিরে ঢাকায় লাখো নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের অভূতপূর্ব সমাবেশ হয়। ঢাকার পূর্বাচলে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে ৩০০ ফিট এলাকায় তাকে সংবর্ধনা দেওয়া হয়। সারা দেশ থেকে নেতাকর্মী ও সমর্থকেরা এতে অংশ নেন।
দেশে ফেরার পরের দিন শুক্রবার ২৬ ডিসেম্বর দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন তারেক রহমান। গুলশান থেকে জিয়া উদ্যান পর্যন্ত পুরো পথজুড়ে নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
পথে পথে নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করেন তিনি। হাত নেড়ে জানান কৃতজ্ঞতা। জনস্রোত পেরিয়ে বিকেল পৌনে পাঁচটার দিকে জিয়া উদ্যানে পৌঁছান তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে বাবার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। ফাতেহা পাঠ ও দোয়া–মোনাজাতে অংশ নিয়ে শহীদ জিয়ার রুহের মাগফেরাত এবং মা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।
জিয়া উদ্যান থেকে বেরিয়ে বিকেল ৫টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন তিনি। পথজুড়ে ছিল মানুষের ঢল। ভিড়ের মধ্যে রাত ১০টার পর জাতীয় স্মৃতিসৌধে পৌঁছেন তারেক রহমান।
আরও পড়ুন: ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচন করবেন তারেক রহমান
