বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা অন্যান্য দল ও সংগঠন

হার্ডলাইনে যাচ্ছে ইনকিলাব মঞ্চ, ৪ দফা দাবি ঘোষণা


রোববার রাতে কুয়াশা ও তীব্র শীতল বাতাসের মধ্যে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকরা।

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:৩৬ অপরাহ্ণ

শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে হার্ডলাইনে যাচ্ছে ইনকিলাব মঞ্চ। রাজধানীর শাহবাগ মোড়ে সংগঠনটির অবরোধ কর্মসূচিতে উপস্থিতির সংখ্যা দিন দিন বাড়ছে। অবরোধ কর্মসূচি চলাকালে ২৪ দিনের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করাসহ চার দফা দাবি জানিয়েছে সংগঠনটি। আজ রোববার রাত পৌনে ১১টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব দাবি তুলে ধরা হয়।

চার দফা দাবি হলো-
১. খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতাসহ পুরো খুনিচক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে।

২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।

৩. ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সব খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে।

৪. সিভিল মিলিটারি ইন্টেলিজেন্স এর মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে হবে।

এর আগে আজ দুপুর দুইটা থেকে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকরা। রাত ১০টায় চলমান এই কর্মসূচি সাময়িকভাবে প্রত্যাহার করা হয়। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে শাহবাগ মোড়ে টানা অবরোধ কর্মসূচি পালন করছেন সংগঠনটির নেতাকর্মীরা। তবে আজ সোমবার দুপুর ২টায় দেশের সব বিশ্ববিদ্যালয় ও কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের শাহবাগে অবস্থান কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত খুব কাছ থেকে ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গত ১৮ ডিসেম্বর রাতে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান এই বিপ্লবী।

আরও পড়ুন: হাদির হত্যাকারী দেশ ছেড়ে পালিয়েছে, স্বীকার করলো পুলিশ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর