, | |

মূলপাতা ধর্ম

পবিত্র শবে মেরাজ ১৬ জানুয়ারি


রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২১ ডিসেম্বর, ২০২৫ ৮:১৪ : অপরাহ্ণ

দেশের আকাশে আজ ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল সোমবার থেকে পবিত্র রজব মাস গণনা করা হবে। সে হিসাবে আগামী ১৬ জানুয়ারি দিবাগত রাতে দেশের মুসলিম সম্প্রদায় পবিত্র শবে মেরাজ পালন করবে।

আজ রোববার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সভায় ধর্ম উপদেষ্টা জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরির রজব মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া গেছে। এজন্য সোমবার থেকে রজব মাস গণনা শুরু হবে। আগামী ১৬ জানুয়ারি পবিত্র শবে মেরাজ পালিত হবে।

শবে মেরাজের দিন দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। তবে সরকারি প্রতিষ্ঠানে এদিন ঐচ্ছিক ছুটি। তবে এবার শবে মেরাজ পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে।

আরবি শব্দ ‘লাইলাতুল’ অর্থ রাত, আর ‘মেরাজ’ অর্থ ঊর্ধ্বগমন। লাইলাতুল মিরাজ বা শবে মিরাজের রাতকে আমাদের দেশে সাধারণত শবে মেরাজ হিসেবে আখ্যায়িত করা হয়।

ইসলাম ধর্ম মতে, নবী হযরত মুহাম্মদ (সা.) নবুওয়াত প্রাপ্তির একাদশ বছরের (৬২০ খ্রিস্টাব্দ) রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে হযরত জিবরাইল (আ.) এর সাথে বোরাকে চড়ে পবিত্র কাবা থেকে পবিত্র বায়তুল মুকাদ্দাস হয়ে সপ্তম আকাশের ওপর আরশে আজিমে আল্লাহর দিদার লাভ করেন।

ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত বন্দেগির মধ্য দিয়ে এ মূল্যবান রাত কাটান। অনেকে নফল রোজাও রাখেন এ দিন।

ইসলামে শবে মেরাজের বিশেষ গুরুত্ব আছে, কেননা এ মেরাজের মাধ্যমেই ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ নামাজ মুসলমানদের জন্য অত্যাবশ্যক (ফরজ) করা হয় এবং এ রাতেই রাসুলুল্লাহ (সা.) দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ মুসলিমদের জন্য নিয়ে আসেন।

আরও পড়ুন: নামাজে সিজদার সময় আগে নাক না কপাল রাখতে হবে?

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর