জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার বিকেল ৪টার দিকে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হয়।
হাদিকে দাফন করার সময় পরিবারের সদস্য, রাজপথের সহযোদ্ধাসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ থাকায় জনসমাগম হওয়ার সুযোগ ছিল না। যদিও লাখ লাখ জনতা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে হাদিকে শেষ বিদায় জানান।
এর আগে বেলা সোয়া দুইটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনতা অংশ নেন। লাখ লাখ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় জানাজা। ইমামতি করেন হাদির বড়ভাই মাওলানা আবু বকর সিদ্দিক।
নিকট অতীতে এতোটা ভালোবাসা নিয়ে চিরবিদায় নিতে আর কাউকে দেখা যায়নি। হাদির চলে যাওয়া ছুঁয়ে গেছে গোটা জাতিকে।
হাদির শেষ বিদায়কে কেন্দ্র করে সকাল থেকেই শাহবাগ ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনতার ঢল নামে। তারা শেষবারের মতো এই বিপ্লবীকে বিদায় জানাতে এসে আবেগাপ্লুত হয়ে পড়েন।
গত ১২ ডিসেম্বর দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত খুব কাছ থেকে ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান এই বিপ্লবী।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজপথ, ক্যাম্পাস ও সামাজিক যোগাযোগমাধ্যমে স্পষ্ট রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনার কেন্দ্রে উঠে আসেন ওসমান হাদি। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে অভ্যুত্থানের ইতিহাস ধরে রাখতে তিনি গড়ে তোলেন ইনকিলাব মঞ্চ। রাজনৈতিক এই প্লাটফর্মের মাধ্যমে হাদি দেশের মানুষের কাছে একজন পরিচিত মুখ হয়ে ওঠেন। তার কর্মকাণ্ড দেশ-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ওসমান হাদি ঝালকাঠির নলছিটি উপজেলা শহরের খাসমহল এলাকার মৃত মাওলানা সৈয়দ আব্দুল হাদির ছোট ছেলে। ঝালকাঠির এন এস কামিল মাদ্রাসা থেকে তিনি আলিম পাশ করেছিলেন। এরপর তিনি ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন।
আরও পড়ুন: লাখো মানুষের অংশগ্রহণে ওসমান হাদির জানাজা সম্পন্ন
