বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা অন্যান্য দল ও সংগঠন

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আজ সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক



রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, ৯:৩০ পূর্বাহ্ণ

সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিয়েছে ‘ইনকিলাব মঞ্চ’। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘সন্ত্রাসী’ কার্যকলাপ রুখতে আজ সোমবার বিকেল ৩টায় শহীদ মিনারে এই সমাবেশ ডাকা হয়েছে।

গতকাল রোববার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

আব্দুল্লাহ আল জাবের বলেন, সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে ভারতপন্থি কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। শহীদ মিনার থেকে ভারতীয় আগ্রাসন ও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে। আমরা দেশপ্রেমিক সব রাজনৈতিক দলকে সেই সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

হাদির শারীরিক অবস্থার বর্ণনা দিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, তার অবস্থার কোনো পরিবর্তন আসেনি। ইনকিলাব মঞ্চ ও তার পরিবার হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চিকিৎসকদের সম্মতি পেলেই তাকে বিদেশে নেওয়া হবে। এ জন্য অর্ধকোটি টাকা ব্যয়ে ইতোমধ্যেই একটি এয়ার অ্যাম্বুল্যান্স ভাড়া করা হয়েছে।

আব্দুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদির ওপর হামলার পর দেশের গোয়েন্দা সংস্থাগুলো ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা নিজেরা ঘটনার তথ্য সংগ্রহ না করে আমাদের কাছে সিসিটিভি ফুটেজ চেয়েছেন। অথচ তাদের করণীয় ছিল হামলাকারীদের যাবতীয় কর্মকাণ্ড অনুসরণ করে তাদের গ্রেপ্তার করা।

জানা গেছে, কেন্দ্রীয় শহীদ মিনারে এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল যোগ দেবে।

এর আগে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় গত শনিবার সম্মিলিতভাবে প্রতিবাদ সভা করার সিদ্ধান্ত নিয়েছিল বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে এ সিদ্ধান্ত নেয় দলগুলো। সেসময় প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আরও পড়ুন: ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব, ঘটনা কী?

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর