বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা অর্থ-বাণিজ্য

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার দুই লকারে মিললো ৮৩২ ভরি স্বর্ণ


অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে শেখ হাসিনার লকারে মিললো ৮৩২ ভরি স্বর্ণ। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ২৫ নভেম্বর ২০২৫, ১১:৫২ অপরাহ্ণ

রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকারে ৮৩২ ভরি স্বর্ণালংকার পাওয়া গেছে।

আজ মঙ্গলবার রাতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) যৌথ টিম লকার দুটি ভেঙে এসব স্বর্ণালংকার জব্দ করে।

সিআইসির এক কর্মকর্তা জানান, শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে থাকা ৭৫১ এবং ৭৫৩ নম্বর লকার বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন অনুযায়ী ভাঙা হয়। লকার দুটি থেকে মোট ৮৩২ ভরি স্বর্ণালঙ্কারের সন্ধান পাওয়া গেছে।

অপরদিকে, একইদিন শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের একটি শাখায় রক্ষিত লকার খোলা হলেও সেখানে কোনো স্বর্ণালঙ্কার বা কিছু পাওয়া যায়নি। তবে পূবালী ব্যাংকের ওই লকারে কেবল একটি পাটের বস্তা পাওয়া গেছে।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় (সাবেক স্থানীয় কার্যালয় শাখা) শেখ হাসিনার দুটি লকার জব্দ করে সিআইসি। ৭৫১ ও ৭৫৩ নম্বর লকার দুটি কর ফাঁকি দেওয়া হয়েছে কি না তা খতিয়ে দেখতে জব্দ করা হয়। রাজধানীর সেনাকল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখার ১২৮ নম্বর লকারটিও গত ১০ সেপ্টেম্বর জব্দ করে সিআইসি।

এখন পর্যন্ত সব মিলিয়ে অগ্রণী ও পূবালী ব্যাংকে থাকা শেখ হাসিনার তিনটি লকার জব্দ করা হলো।

গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই আছেন। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের কর ফাঁকি ও দুর্নীতির তদন্তে নামে। এর অংশ হিসেবে এনবিআর শেখ হাসিনার লকার জব্দ করে।

এদিকে জুলাই-আগস্টের গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের এক মামলায় গত ১৭ নভেম্বর শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সে হিসেবে জব্দ স্বর্ণ রাষ্ট্রীয় মালিকানায় চলে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: হাসিনা, রেহেনা ও টিউলিপের মামলার রায় ১ ডিসেম্বর

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর