বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা জাতীয়

ঢাকা থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ


ধানমন্ডি থানা নির্বাচন অফিসে এসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ।

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ৯ নভেম্বর ২০২৫, ৫:০৭ অপরাহ্ণ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ রোববার বিকেলে রাজধানীর গ্রিন রোডে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে ঢাকা-১০ আসনের ভোটার স্থানান্তরের আবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, যেহেতু ঢাকা থেকে নির্বাচন করবো এটা মোটামুটি নিশ্চিত। সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা, কারণ ভোটটা যেন অপচয় না হয়। আমি যদিও ভোটার হয়েছি আগে, কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারিনি। ভোটার হওয়ার পর দুটি নির্বাচন হয়েছে ২০১৮ সালে এবং ২০২৪ সালে। এই সময়ে কেউই ভোট দিতে পারেনি। ভোট দিতে যেন পারি সেটা নিশ্চিত করলাম।

ঢাকা-১০ আসন থেকে নির্বাচনের গুঞ্জন প্রসঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, নির্বাচন কোথা থেকে করবো এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে ঢাকা থেকেই করবো ইনশাআল্লাহ। এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করার, তারপরও দেখা যাক কী হয়। আমার কারও সঙ্গে কোনো আলোচনা হয়নি। কোনো রাজনৈতিক দল কোনো আসন ফাঁকা রাখলো কি রাখলো না, সেটি আমার দেখার বিষয় না। আমি আমার সিদ্ধান্ত এককভাবেই নেবো।

পদত্যাগ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, নিশ্চিতভাবেই বলছি আমি নির্বাচন করবো। তবে কবে নাগাদ পদত্যাগ করবো সেটি সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে বসে সিদ্ধান্তের ওপর অনেকটাই নির্ভর করছে। আলোচনা করে সে বিষয়ে দ্রুতই জানাবো।

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শীর্ষ নেতা আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন থেকেই নির্বাচন করবেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তিনি যেহেতু এই আসনে ভোটার হয়েছেন এজন্য গুঞ্জন আরও জোরালো হয়েছে।

ঢাকা-১০ নির্বাচনি আসনটি ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত। বিএনপি প্রাথমিকভাবে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করলেও ঢাকা-১০ আসনে কোনো প্রার্থী দেয়নি। ধারণা করা হচ্ছে, শেষ পর্যন্ত বিএনপি এই আসনটি আসিফ মাহমুদকে ছাড় দিতে পারে।

জামায়াতে ইসলামী এই আসনে ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করেছে। সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকার এই আসনে দাঁড়িপাল্লা প্রতীকে লড়াই করবেন।

আরও পড়ুন: ড. ইউনূসকে ‘সতর্ক’ করলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর