সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শাপলা কলি প্রতীকসহ চূড়ান্ত নিবন্ধন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
নির্বাচন কমিশন সচিব জানান, চূড়ান্ত পর্যালোচনা শেষে নতুন করে ৩টি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। দলগুলো হলো-জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমজনগণ পার্টি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)। তবে বাকি দুটি দলের প্রতীক এখনো চূড়ান্ত করা হয়নি।
নির্বাচন কমিশন সচিব জানান, আগামীকাল বুধবার পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে দাবি-আপত্তি আহ্বান করে। দাবি-আপত্তি নিষ্পত্তি হলে চূড়ান্তভাবে সনদ দেওয়া হবে।
এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে এনসিপি। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সদস্য সচিব হয়েছেন ডা. তাসনিম জারা।
এ ছাড়া সদস্য হিসেবে আরও রয়েছেন-আরিফুল ইসলাম আদীব, মাহবুব আলম মাহির, খালেদ সাইফুল্লাহ, এহতেশাম হক, আব্দুল্লাহ আল আমিন, আলাউদ্দিন মোহাম্মদ, জহিরুল ইসলাম মুসা, হুমায়রা নূর, সাইফুল্লাহ হায়দার ও মো. তারিকুল ইসলাম।
আরও পড়ুন: জোটের প্রার্থীকে নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হবে
