রাজনীতি সংবাদ প্রতিবেদক
প্রকাশের সময় : ৪ নভেম্বর ২০২৫, ১০:২১ পূর্বাহ্ণ
নিবন্ধিত রাজনৈতিক দল জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে-এমন বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ, ২০২৫ জারি করেছে সরকার।
আজ সোমবার আইন মন্ত্রণালয় থেকে অধ্যাদেশটির গেজেট প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি আইনের সব সংস্কার কার্যক্রম সম্পন্ন হলো।
এর আগে গত ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠকের পর বিএনপি এ ধারার বিরোধিতা করে দাবি জানায়, জোটভিত্তিক নির্বাচনে এক দলের প্রার্থী অন্য দলের প্রতীক ব্যবহার করতে পারবে। কিন্তু জামায়াতে ইসলামী ও ন্যাশনাল কনসেনসাস পার্টি (এনসিপি) ২০ ধারার সংশোধন বহাল রাখার পক্ষে অবস্থান নেয়।
রাজনৈতিক দলগুলোর এই টানাপড়েনের মধ্যেই সরকার আগের প্রস্তাব অনুযায়ী অধ্যাদেশ জারি করেছে। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো নিবন্ধিত দল জোট করলেও জোটের মনোনীত প্রার্থী অন্য দলের প্রতীকে ভোট করতে পারবে না; তাকে নিজের দলের প্রতীকেই ভোট করতে হবে।
আরপিও সংশোধন ছাড়াও নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে ভোটার তালিকা আইন, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন ও নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন করেছে। পাশাপাশি ভোটকেন্দ্র নীতিমালা, দেশি ও বিদেশি পর্যবেক্ষণ নীতিমালা এবং সাংবাদিকদের আচরণবিধিও হালনাগাদ করা হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, আরপিও সংশোধনের পর নতুন বিধান অনুযায়ী ‘দল ও প্রার্থীর আচরণবিধি’ শিগগিরই জারি করা হবে।
উল্লেখ্য, ১৯৭২ সালে স্বাধীন দেশের সংবিধান তৈরির পর নির্বাচন পরিচালনার জন্য প্রথমবারের মতো আরপিও বা গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ প্রণয়ন করা হয়। এরপর বিভিন্ন সময় নানা পরিবর্তন আনা হয়েছে এ আইনে। এর আগে ২০২৩ সালে সংসদে পাস হয় গণপ্রতিনিধিত্ব (সংশোধন) আইন ২০২৩।
নির্বাচনের জন্য দেশের মানুষের গণঅধিকার কোনগুলো এবং এ অধিকার রক্ষায় নির্বাচন কমিশন কী করবে সে সবই আরপিওতে উল্লেখ আছে। কীভাবে নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে- তাও এর মধ্যে বলা আছে।
আরও পড়ুন: ২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, দেখে নিন তালিকা
