, | |

মূলপাতা আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র দিয়ে পৃথিবীকে ১৫০ বার ধ্বংস করা সম্ভব: ট্রাম্প


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৩ নভেম্বর, ২০২৫ ১১:১৫ : পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি নিয়ে গর্ব প্রকাশ করে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমাদের হাতে যথেষ্ট পারমাণবিক অস্ত্র আছে, যা দিয়ে পৃথিবীকে ১৫০ বার ধ্বংস করা সম্ভব।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ৬০ মিনিটস-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। আজ সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের কাছে বিশাল পারমাণবিক শক্তি আছে, যা আর কোনো দেশের নেই। রাশিয়া দ্বিতীয় স্থানে, আর চীন অনেক পিছিয়ে। তবে পাঁচ বছরের মধ্যে তারা সমান পর্যায়ে পৌঁছে যাবে।

সাক্ষাৎকারে উপস্থাপিকা নোরা ও’ডনেল ট্রাম্পকে বলেন, বর্তমানে কেবল উত্তর কোরিয়াই পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে।

তখন ট্রাম্প পাল্টা মন্তব্য করে বলেন, ‘উত্তর কোরিয়া একমাত্র দেশ নয় যারা পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে। রাশিয়া ও চীনও পরীক্ষা চালাচ্ছে, কিন্তু তারা প্রকাশ্যে কিছু বলছে না। তবে আমি মনে করি, আমাদের পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে কিছু করা উচিত।’

চীন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি কি না-এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরাও তাদের জন্য হুমকি। এটা খুব প্রতিযোগিতামূলক এক বিশ্ব, বিশেষ করে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে। আমরা যেমন তাদের দিকে নজর রাখি, তারাও আমাদের দিকে রাখে।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বেইজিংয়ের হাতে বিরল খনিজ সম্পদের এক ধরনের ক্ষমতা আছে, যা ওয়াশিংটনের ওপর প্রভাব ফেলছে। তিনি বলেন, ‘আমরা চীনের বিরুদ্ধে খুব ভালো করছিলাম। হঠাৎ তারা বুঝলো, আমাদেরও প্রতিরোধ করতে হবে। তখন তারা তাদের ক্ষমতা ব্যবহার করল। তাদের যে ক্ষমতা, সেটা হলো রেয়ার আর্থ বা বিরল খনিজ। তারা ২৫ থেকে ৩০ বছর ধরে এগুলো জমাচ্ছে এবং যত্ন করে সংরক্ষণ করছে।’

 

কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ৩০ বছরের বেশি সময় পর আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দেন।

ট্রাম্প বলেন, ‘অন্য দেশগুলো পরীক্ষা চালাচ্ছে। আমরাই একমাত্র দেশ যারা এই পরীক্ষা করি না। আমি চাই না যে আমরা একমাত্র দেশ হয়ে থাকি যারা পরীক্ষা চালায় না।’

মার্কিন প্রেসিডেন্ট প্রশ্ন তোলেন, ‘পারমাণবিক অস্ত্র তৈরি করে তা পরীক্ষা না করা বাস্তবসম্মত নয়। আপনি অস্ত্র বানালেন, কিন্তু পরীক্ষা করলেন না-তাহলে জানবেন কীভাবে এটা কাজ করে কিনা?’

আরও পড়ুন: মুসলিম বিশ্বের ৫০তম প্রভাবশালী ব্যক্তি ড. ইউনূস

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর