গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে ‘ঐক্যবদ্ধ সুপারিশ’ দেওয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক দলগুলো ‘ঐক্যবদ্ধ সিদ্ধান্ত’ নিতে না পারলে সরকার নিজেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ‘করবী হলে’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল এ কথা বলেন। এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে বৈঠক বসে উপদেষ্টা পরিষদ।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, ‘আমরা কোনো আল্টিমেটাম দেইনি, আহ্বান জানিয়েছি। আমরা অপেক্ষা করবো, তারপর অবশ্যই সরকার সরকারের মতো অ্যাক্ট করবে।’
আইন উপদেষ্টা বলেন, ‘সরকার আর কোনো আলোচনার আয়োজন করতে যাচ্ছে না। ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো গত ১৫ বছরে নিজেরা আলোচনা করে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। উনারা অত্যন্ত প্রতিকূল সময়ে একসঙ্গে আন্দোলন করেছেন, একসঙ্গে নির্যাতনের শিকার হয়েছেন। উনারা স্ব-উদ্যোগে নিজেরা আলোচনা করে আমাদের একটি ঐক্যবদ্ধ নির্দেশনা দেবেন, এই প্রত্যাশা করছি।’
সম্প্রতি, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ, গণভোটের সময় নির্ধারণ ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। এমন সময় প্রধান উপদেষ্টার কার্যালয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সরকারের প্রায় ১৫ মাস হয়ে গেলেও এর আগে কোনো সংবাদ সম্মেলন করেননি প্রধান উপদেষ্টা বা তার কার্যালয়।
সাধারণত, প্রধান উপদেষ্টার প্রেস উইং ফরেইন সার্ভিস একাডেমি বা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সংবাদ সম্মেলন করে থাকে।
আরও পড়ুন: মুসলিম বিশ্বের ৫০তম প্রভাবশালী ব্যক্তি ড. ইউনূস
