বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা জাতীয়

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ করলো সরকার


বাড়িভাড়া ভাতাসহ তিন দাবি আদায়ে গত শুক্রবার জুমার নামাজের পর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন শুরু করেন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা।

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ২১ অক্টোবর ২০২৫, ১:৩৮ অপরাহ্ণ

টানা আন্দোলনের মুখে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা আরও ১০ শতাংশ বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। ফলে এখন ১৫ শতাংশে উন্নীত হয়েছে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা।

আজ মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

এর আগে গত ১৯ অক্টোবর এমপিওভুক্ত শিক্ষকদের ৫ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধি করেছিলো সরকার। কিন্তু শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে। তারা বাড়িভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশ করার দাবি জানিয়ে আসছিলেন আন্দোলনরত শিক্ষকরা।

আন্দোলনের মুখে অবশেষে সরকার শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশে উন্নীত করেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, শিক্ষক-কর্মচারীদের ১৫ শতাংশ বাড়িভাড়া ভাতা দুই ধাপে কার্যকর হবে। আগামী নভেম্বরের ১ তারিখ হতে ৭ দশমিক ৫ শতাংশ এবং আগামী বছরের ১ জুলাই থেকে ৭ দশমিক ৫ শতাংশ বাড়িভাড়া ভাতা (ন্যূনতম ২০০০ টাকা) পাবেন তারা।

উল্লেখ্য, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এতদিন মাসে এক হাজার টাকা করে বাড়িভাড়া পেয়ে আসছেন। বাড়ি ভাড়া ভাতাসহ তিন দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন তারা। গত আগস্ট মাসে তারা ঢাকায় মহাসমাবেশ করে মূল বেতনের ওপর শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা দেওয়ার দাবি তোলেন। এরপর গত ৩০ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় থেকে বাড়িভাড়া মাত্র ৫০০ টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু শিক্ষকদের আন্দোলনের কারণে সেটি কার্যকর করেনি শিক্ষা মন্ত্রণালয়।

 

এরপর শিক্ষকরা বাড়ি ভাড়া ২০ শতাংশ হারে দেওয়াসহ তিন দফা দাবিতে গত ১২ অক্টোবর থেকে আন্দোলন করছেন। গত ১৩ অক্টোবর থেকে সারাদেশে পাঠদান বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন তারা। গত ১৮ অক্টোবর তারা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনের পাশাপাশি কালো পতাকা মিছিল করেছেন। পরদিন শিক্ষাভবন অভিমুখে থালা-বাটি হাতে ভুখা মিছিল করেন তারা। শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে গত ১৯ অক্টোবর বাড়িভাড়া ভাতা সর্বনিম্ন ২০০০ টাকা করে নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে তিন দফা দাবি আদায়ে একের পর এক কর্মসূচি পালন করে আসছেন শিক্ষকরা। আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার মুখে কালো কাপড় বেঁধে শাহবাগে অবস্থান নেওয়ার কর্মসূচি ঘোষণা করেন শিক্ষকরা। এমন অবস্থার মধ্যে বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ করার সিদ্ধান্তের কথা জানানো হয় সরকারের পক্ষ থেকে।

আরও পড়ুন: দুদকের জালে সাবেক গভর্নর আতিউর

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর