, | |

মূলপাতা জাতীয়

সরকারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান, আমরণ অনশনের ঘোষণা শিক্ষকদের


কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান কর্মসূচি। ফাইল ছবি
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১৯ অক্টোবর, ২০২৫ ৮:৪৫ : অপরাহ্ণ

সরকারের বাড়িভাড়া ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বেতনের ওপর ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ ৩ দফা দাবি আদায়ে আগামীকাল সোমবার থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন তারা।

আজ রোববার বিকেলে হাইকোর্ট মাজার মোড়ে এ কর্মসূচি ঘোষণা করেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি।

তিনি বলেন, ‘আগামীকাল থেকে আমরা আমরণ অনশন কর্মসূচিতে যাচ্ছি। এছাড়া ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। আজ ৫ শতাংশ বাড়িভাড়া দেওয়ার সিদ্ধান্তকে আমরা একটি প্রাথমিক বিজয় বলে মনে করছি।’

দেলাওয়ার হোসেন আজীজি বলেন, ‘যখন ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে, তখনই চূড়ান্ত বিজয় হবে। প্রজ্ঞাপন জারি না করলে আমরা এখান থেকে শ্রেণি কার্যক্রমে ফিরে যাবো না।’

এর আগে বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এমপিওভুক্ত হাজারো শিক্ষক শিক্ষাভবন অভিমুখে ‘ভুখা মিছিল’ বের করেন। মিছিলটি দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মাজার সংলগ্ন রাস্তায় পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বাধা দেয়।

বাড়িভাড়া ২০ শতাংশ, চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকা ও উৎসব ভাতা ৭৫ শতাংশ করার দাবিতে টানা অষ্টম দিনের মতো আন্দোলন করছেন শিক্ষকরা।

এদিকে শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে এবং সর্বনিম্ন ২ হাজার টাকা বৃদ্ধি করেছে সরকার। আজ সকালে অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

আজ শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল (সিআর) আবরার বলেন, আমরা মনে করি, শিক্ষক সমাজের অনেক বেশি পাওয়া দরকার। কিন্তু বর্তমান সীমাবদ্ধতার কারণে যে সিদ্ধান্ত হয়েছে, অর্থ মন্ত্রণালয় বরাদ্দ করেছে। এর জন্য আমাদের দিক থেকে যথেষ্ট চেষ্টা করেছি। এ অবস্থায় সরকারের সিদ্ধান্ত মেনে আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানাই।

আরও পড়ুন: শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ বাড়ালো সরকার

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর