রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশের সময় : ১৫ অক্টোবর ২০২৫, ৯:৩৫ পূর্বাহ্ণ
দীর্ঘ ৩৫ বছর পর আজ বুধবার সপ্তমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন। সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, শেষ হবে বিকেল ৪টায়। ভোট ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।
বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে স্থাপন করা হয়েছে ১৫টি ভোটকেন্দ্র ও ৬১টি ভোটকক্ষ। ১৪টি এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হচ্ছে ভোটগ্রহণ। ভোটগ্রহণ চলছে ব্যালট পেপারে। গণনা হবে ওএমআর মেশিনে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী, আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়বেন ৪৯৩ জন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।
এবারের নির্বাচনে অংশ নিচ্ছে মোট ১৩টি প্যানেল। এর মধ্যে রয়েছে-ছাত্রদল, ছাত্রশিবির, স্বতন্ত্র, বাম, বৈচিত্র্য ঐক্য, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, ইসলামী ছাত্র আন্দোলন, ও সুন্নিপন্থি শিক্ষার্থীদের ‘অহিংস শিক্ষার্থী ঐক্য’।

শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘ ৩৫ বছর পর চাকসু নির্বাচন হওয়ায় তাদের মধ্যে আলাদা উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। তাদের প্রত্যাশা, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে নিজেদের প্রতিনিধি বেছে নিতে পারবেন তারা।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন না ঘটে, সে ব্যাপারে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সার্বিক নিরাপত্তা নিশ্চিতে রয়েছে পুলিশ সদস্য, সাদা পোশাকে গোয়েন্দা সংস্থা, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তর। স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত আছে সেনাবাহিনী।
বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬০ শতাংশ শিক্ষার্থী শহরে অবস্থান করেন। তাদের ক্যাম্পাসে নিয়ে আসার সুবিধার্থে বাড়তি শাটল ট্রেন এবং বাসের ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। নিয়ম অনুযায়ী প্রতি বছর নির্বাচন হওয়ার কথা থাকলেও নানা প্রতিবন্ধকতার কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন তা আয়োজন করতে পারেনি। সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর মাত্র ছয়বার এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন:
জাকসুর ভিপি স্বতন্ত্র প্যানেলের জিতু, জিএস শিবিরের মাজহারুল
ডাকসুর ভিপি, জিএস ও এজিএস পদে শিবিরের জয়জয়কার
