বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতা নিয়ে সম্প্রতি আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এসব অভিযোগ পুরোপুরি নাকচ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশে কোনো হিন্দু-বিরোধী সহিংসতা নেই। ভারতের কিছু গণমাধ্যম ও মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মিথ্যা খবর ছড়াচ্ছে। বর্তমানে ভারতের একটি বিশেষত্ব হলো ভুয়া খবর।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সংবাদমাধ্যম জিটিও’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
আজ সোমবার এই সাক্ষাৎকার প্রকাশিত হয়।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান হন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তাকে বেছে নেওয়ার যে সিদ্ধান্ত মানুষ নিয়েছিল, সে সম্পর্কে অধ্যাপক ইউনূস বলেন, ‘আমি বিস্মিত হয়েছিলাম।’ অনিচ্ছা সত্ত্বেও তা মেনে নিয়েছিলাম। যখন দেখলাম মানুষ তাদের জীবন বাজি রেখে এই আন্দোলন করছে, তখন ভাবলাম, তাদের এতো ত্যাগের পাশে আমাকেও দাঁড়াতে হবে।’
সে সময় আন্দোলনকারীদের উদ্দেশে এই নোবেলজয়ী বলেছিলেন, ‘আপনারা যদি এত কিছু ত্যাগ করতে পারেন, তবে আমি আমার সিদ্ধান্ত বদলাবো।’
আরও পড়ুন: ভারত-বাংলাদেশের সম্পর্ক অবনতির কারণ নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা
