ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ৫টি হলের ফল ঘোষণা করা হয়েছে। এতে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) প্রার্থী সাদিক কায়েম। জেনারেল সেক্রেটারি (জিএস) পদেও এগিয়ে রয়েছেন একই প্যানেলের ফরহাদ হোসেন।
আজ মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টা থেকে হলগুলোতে পৃথকভাবে ফল ঘোষণা শুরু হয়।
ফলাফল ঘোষণা করা হলগুলো হচ্ছে- শহীদুল্লাহ হল, কার্জন হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল ও সুফিয়া কামাল হল।
ফলাফলে দেখা গেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) সর্বমোট ৭০৭৬ ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৭৮৯ ভোট।
এদিকে অমর একুশে হল, সুফিয়া কামাল হল ও কাজর্ন হলের ফলাফলে দেখা গেছে, জিএস পদে তিন কেন্দ্রে শিবির সমর্থিত এস এম ফরহাদ ১৮৯৬ ভোট, ছাত্রদল মনোনীত শেখ তানভীর বারী হামিম ৮১০ ভোট ও আবু বাকের মজুমদার ৭৪৪ ভোট পেয়েছেন।
এর আগে, সকাল ৮টা থেকে শুরু হয় ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। যা বিরতিহীনভাবে চলে চলে বিকেল ৪টা পর্যন্ত।
দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয় মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন প্রার্থী ছিলেন।
এবার মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোটগ্রহণ করা হয়েছে।
