চলতি মাসেই বিশ্ব এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে। আগামী ৭ সেপ্টেম্বর হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। পূর্ণ চন্দ্রগ্রহণকে ‘সুপার ব্লাড মুন’ নাম দেওয়া হয়েছে। আকারে সাধারণ সময়ের চাঁদের থেকে সাত শতাংশ এবং উজ্জ্বলতায় পনেরো শতাংশ বেশি হতে পারে এই সুপার ব্লাড মুন। যারা রাতের আকাশ দেখতে ভালোবাসেন এবং মহাকাশ বিজ্ঞানীদের জন্য দারুণ সুযোগ এটি।
একই রেখায় সূর্য ও চাঁদের ঠিক মধ্যবর্তী স্থানে যখন পৃথিবী আসে, কেবল তখনই চন্দ্রগ্রহণ হয়। এ সময় সূর্য দর্শকের পেছনে অবস্থান করার ফলে চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়ায় চলে যায়।
৭ সেপ্টেম্বর চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে এমন স্থান হলো পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ হতে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত। এই দু’দিকের কিছুটা পূর্ব-পশ্চিমেও আংশিক গ্রহণ দেখা যাবে। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয়ান অঞ্চল ও দক্ষিণ আমেরিকার ৯০ ভাগ অঞ্চল থেকে এটি দেখা যাবে না।
জানা গেছে, যদি আকাশ মেঘমুক্ত থাকে তাহলে বাংলাদেশ থেকেও দেখা যাবে এই চন্দ্রগ্রহণ।
ঢাকায় স্থানীয় সময় অনুসারে চাঁদের পেনামব্রাল (আংশিক ছায়া) গ্রহণ শুরু হবে আগামী রোববার রাত ৯টা ২৮ মিনিট ২৫ সেকেন্ড থেকে। তবে খালি চোখে চাঁদের এই পরিবর্তন খুব একটা বোঝা যাবে না। চাঁদের একটি অংশ ধীরে ধীরে কালো হতে দেখা যাবে। আংশিক চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ১০টা ২৭ মিনিটি ০৯ সেকেন্ডে।তখন পৃথিবীর ছায়া পুরোপুরি চাঁদের উপরে পড়বে। ওই মুহূর্তে চাঁদ পুরোপুরি অদৃশ্য হবে না, বরং লালচে বা তামাটে রঙ ধারণ করবে।
পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ১১টা ৩০ মিনিট ৪৮ সেকেন্ড থেকে। সর্বোচ্চ গ্রহণ চলবে রাত ১২টা ১১ মিনিটি ৪৭ সেকেন্ড পর্যন্ত। পূর্ণ চন্দ্রগ্রহণ শেষ হবে রাত ১২টা ৫২ মিনিট ৫১ সেকেন্ডে। আংশিক গ্রহণ শেষ রাত ১টা ৫৬ মিনিটি ৩১ সেকেন্ডে। পেনুম্ব্রাল চন্দ্রগ্রহণ শেষ হবে রাত ২টা ৫৫ মিনিট ৮ সেকেন্ডে।
পূর্ণ চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্প
কলাবাগান ক্রীড়া চক্রের সহযোগিতায় বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন আয়োজন করেছে পূ্র্ণ চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্প।
সবার জন্য উন্মুক্ত পূর্ণ চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্পটিতে অংশগ্রহণের জন্য কোনো রেজিস্ট্রেশন ফি লাগবে না। আগে আসার ভিত্তিতে পূর্ণ চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্পটিতে অংশগ্রহণ করা যাবে।
পর্যবেক্ষণ সময়সূচি
রোববার রাত ৯টা ২৮ মিনিট থেকে সোমবার রাত আড়াইটা পর্যন্ত। স্থান: কলাবাগান ক্রীড়া চক্র, কলাবাগান বাসস্ট্যান্ড সংলগ্ন খেলার মাঠ, ঢাকা।
