বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা অন্যান্য দল ও সংগঠন

নুরের নাকের হাড় ভেঙে গেছে, মেডিকেল বোর্ড গঠন



রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ৩০ আগস্ট ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ণ

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের জ্ঞান ফিরেছে। তবে তার নাকের হাড় ভেঙে গেছে। তার চিকিৎসায় উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘নুরুল হকের মাথায় আঘাত রয়েছে। তার নাকের হাড় ভেঙে গেছে। যে কারণে গতকাল অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল।’

এদিকে আজ সকাল ৭টার দিকে নুরুল হক নুরের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে জানানো হয়, ‘গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরের ওপর গতরাতে হামলার পর এখন পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এখন তার কিছুটা হুঁশ ফিরেছে। সবাই তার জন্য দোয়া করবেন।’

স্ট্যাটাসের সঙ্গে নুরের দুটি ছবিও প্রকাশ করা হয়। তাতে দেখা যায়, তিনি হাসপাতালের বেডে শুয়ে আছেন, নাকে ব্যান্ডেজ বাঁধা এবং মুখে অক্সিজেন মাস্ক লাগানো।

এর আগে শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এরপর রক্তাক্ত অবস্থায় নুরকে তার নেতাকর্মীরা দ্রুত হাসপাতালে নিয়ে যান।

নুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শুক্রবার রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টার থেকে আইসিইউতে নেওয়া হয় তাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, নুরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত। তার নাক ফেটে যায়। তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, নুরের মাথায় আঘাত লেগে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তাই চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন।

আরও পড়ুন: রক্তাক্ত নুরুল হক নুর

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর