ক্যাসিনোবিরোধী ও ভোজালবিরোধী অভিযান পরিচালনা করে মানুষের প্রশংসা কুড়ানো র্যাবের আলোচিত সেই ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম এবার পেলেন নতুন দায়িত্ব। তাকে সিলেটের জেলা প্রশাসক ( ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলমকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হলো।
সারওয়ার আলম বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
১৯৮৩ সালে বাড়ির পাশের ইসমাইল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষাজীবন শুরু হয়। ১৯৯৩ সালে পাকুন্দিয়া পাইলট উচ্চবিদ্যালয় (বর্তমান পাকুন্দিয়া সরকারি উচ্চবিদ্যালয়) থেকে এসএসসি পাস করেন।
পরে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ থেকে ১৯৯৫ সালে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগ অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে ভর্তি হয়ে ২০০৫ সালে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি।
সারওয়ার আলম ২০০৮ সালে ২৭তম বিসিএসে উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে যোগ দেন। মাঠ প্রশাসনে কর্মরত অবস্থায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন আলোচিত অভিযানে নেতৃত্ব দেন।
২০০৯ সালে তিনি চট্টগ্রামের মেয়ে সানজিদা শারমিন লিন্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দম্পতির চার মেয়ে রয়েছে-মাহরিন সামারা, নাজিফা সাফরিন, তানহা ও মানহা।
আরও পড়ুন: মানুষের প্রশংসা কুড়ানো ম্যাজিস্ট্রেট সারওয়ারের কপালে জুটলো শাস্তি
