, | |

মূলপাতা জাতীয়

বিদেশে বাংলাদেশের দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
প্রকাশের সময় :১৭ আগস্ট, ২০২৫ ১১:০৬ : পূর্বাহ্ণ

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, দূতাবাস, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইতোমধ্যে ৮০টির মধ্যে ৭০টি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রটি জানিয়েছে, এরইমধ্যে ৭০টি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে। বাকি মিশনগুলো থেকেও রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগে থেকে এই ছবি না রাখার কোনো নির্দেশনা ছিল না। তবে রাষ্ট্রপতিকে সরিয়ে দেয়ার ‘গুঞ্জন’ উড়িয়ে দিয়েছে সূত্রটি।

এ বিষয়ে জানতে চাইলে বিদেশে বাংলাদেশের দু’টি মিশন থেকে জানানো হয়, গত ১৫ আগস্ট সন্ধ্যায় তারা এমন নির্দেশনা পেয়েছেন। আর ছবি সরানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইল না দিলেও টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে এই নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে দায়িত্বশীল এক কূটনীতিক জানান, ঢাকা থেকে কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের কার্যালয় ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এটি আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইলের মাধ্যমে জানানো হয়নি।

তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে টেলিফোনে সরকারের এই নির্দেশনার কথা অঞ্চলভিত্তিক কয়েকজন দূতকে জানানো হয়েছে। তারা অন্য মিশনে জানাচ্ছেন। একইসঙ্গে ছবি সরানোর বিষয়টি তদারকি করবেন তারা।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর যখন ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসে তখন বড় মিশনগুলো রাষ্ট্রপতির ছবি আগেই সরিয়ে ফেলেছিল। কয়েকটি মিশন না সরানোর কারণে সম্প্রতি মৌখিক নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন: জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামায় যা আছে

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর