, | |

মূলপাতা জাতীয়

মালয়েশিয়ায় ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান


কুয়ালালামপুরে ইউকেএম বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়।
প্রকাশের সময় :১৩ আগস্ট, ২০২৫ ১০:০১ : পূর্বাহ্ণ

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে ‘ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া’ (ইউকেএম)।

আজ বুধবার সকালে কুয়ালালামপুরে ইউকেএম বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে সমাবর্তন অনুষ্ঠানে তাকে এই ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের আচার্য এবং নেগেরি সেমবিলান রাজা তুয়াংকু মুহরিয ইবনি আলমারহুম তুয়াংকু মুনাওয়ির ড. ইউনূসের হাতে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সনদ তুলে দেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রফেসর ইউনূসের সামাজিক ব্যবসা প্রসারে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে ইউকেএম বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামের ওই অনুষ্ঠানে বক্তব্য দেন প্রফেসর ইউনূস। আজ সকালে প্রফেসর ইউনূস অনুষ্ঠানস্থলে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তাকে স্বাগত জানান।

এ সময় লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদকে। অনুষ্ঠানে মালয়েশিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, নীতি-নির্ধারক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বাংলাদেশ থেকে আগত প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের সন্তান ড. মুহাম্মদ ইউনূস ১৯৭২ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বও তিনি পালন করেছেন।

১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠালগ্ন থেকে দীর্ঘ ২৮ বছর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন ইউনূস। ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র বিমোচনের চেষ্টার স্বীকৃতি হিসেবে ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক ও মুহাম্মদ ইউনূসকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়।

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা মুহাম্মদ ইউনূসকে দেশের হাল ধরার প্রস্তাব দেয়। তাদের আহ্বানে সাড়া দিয়ে মুহাম্মদ ইউনূস ৮ অগাস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর