ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছেন উপাচার্য (ভিসি) অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উপাচার্য এ ঘোষণা দেন।
নিজের বাসভবনের সামনে শিক্ষার্থীদের উদ্দেশে ভিসি নিয়াজ আহমেদ খান বলেন, ‘২০২৪ সালের ১৭ জুলাই হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটিই বহাল থাকবে এবং প্রত্যেক হল প্রশাসন এ নীতিমালার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
এসময় শিক্ষার্থীরা ‘এ মুহূর্তে খবর এলো, হল রাজনীতি নিষিদ্ধ হলো’ স্লোগান দেন।
গতকাল শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এরপরই ওই কমিটি নিয়ে নানা সমালোচনা ও বিতর্ক সৃষ্টি হয়। এর প্রতিবাদে ও হলগুলোতে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে রাত সাড়ে ১১টার দিকে বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।
রাত ১২টার দিকে মুহসীন হল থেকে মিছিল নিয়ে মাস্টারদা সূর্যসেন হল হয়ে হল পাড়া ও ভিসি চত্বর প্রদক্ষিণ করে রোকেয়া হলের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা, ‘এক দুই তিন চার, কমিটি দিছিস হল ছাড়’, ‘একশন টু একশন ডাইকরেক্ট একশন’, ‘হল পলিটিক্সের বিরুদ্ধে ডাইরেক্ট একশন’, ‘জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’সহ ইত্যাদি স্লোগান দেন। ।
এর মধ্যে রোকেয়া হলের শিক্ষার্থীরা ফটকের তালা ভেঙে বিক্ষোভে যোগ দেন। আন্দোলনকারীরা রাত ১টা পর্যন্ত রাজু ভাস্কর্যে অবস্থান নেন। পরে সেখান থেকে মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন তারা।
এরপর রাত দেড়টার দিকে ভিসি বেরিয়ে এলে নিজেদের দাবি পেশ করেন শিক্ষার্থীরা।
আরও পড়ুন: ‘ওডিবি-এম-১৭০১’ গ্রুপে আ.লীগের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র
