, | |

মূলপাতা আন্তর্জাতিক

ভারতীয় পণ্যের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি
প্রকাশের সময় :৬ আগস্ট, ২০২৫ ৯:০৩ : অপরাহ্ণ

রাশিয়ার থেকে জ্বালানি কেনা অব্যাহত রাখায় ভারতীয় পণ্যের ওপর আরও অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ বুধবার ভারতের ওপর অতিরিক্ত এই শুল্ক আরোপের এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। এ নিয়ে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের মোট শুল্কের পরিমাণ বেড়ে ৫০ শতাংশে দাঁড়িয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার তেল কেনার জরিমানা হিসেবে ট্রাম্পের আরোপিত নতুন এই শুল্ক আগামী তিন সপ্তাহের মধ্যে কার্যকর হবে। ভারতীয় পণ্যের ওপর বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া যুক্তরাষ্ট্রের আরোপিত ২৫ শতাংশ শুল্কের সঙ্গে অতিরিক্ত এই শুল্ক যোগ হবে।

তবে মার্কিন স্টিল ও অ্যালুমিনিয়ামের মতো নির্দিষ্ট খাতভিত্তিক শুল্কের আওতাভুক্ত ভারতীয় পণ্যের জন্য বিদ্যমান ছাড় বজায় থাকবে। এ ছাড়া ওষুধের মতো সংবেদনশীল যেসব খাতের ওপর প্রভাব ফেলতে পারে, সেসব খাতের পণ্য আপাতত যুক্তরাষ্ট্রের শুল্ক ছাড় পাবে।

এর আগে, গত ৫ আগস্ট ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছিলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্কহার ‘উল্লেখযোগ্য পরিমাণ’ বাড়াতে পারেন তিনি। ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই নতুন শুল্ক আরোপের ঘোষণা দিলেন ট্রাম্প।

আজ এক ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, রাশিয়া থেকে তেল কেনার জন্য ‘শাস্তি’ হিসেবে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

ট্রাম্প অভিযোগ করেন, রাশিয়া ইউক্রেনে হত্যাকাণ্ড চালানো সত্ত্বেও ভারত তাদের তেল কিনছে। শুধু কিনছেই না, সেগুলো আবার খোলা বাজারে বিক্রি করে বেশি পরিমাণে লাভ করছে।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের হুমকির মুখে জানিয়েছে, তাদের নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

আরও পড়ুন: ভারতের ৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর