রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ৩১ জুলাই ২০২৫, ৬:২১ অপরাহ্ণ
কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কর্মীদের গোপনে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মেজর সাদিক নামের এক সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী।
সেনাসদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা এ তথ্য জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস ‘এ’-তে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
আওয়ামী লীগের কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছেন মেজর সাদিক নামে একজন সেনা কর্মকর্তা। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিষয়টি নিয়ে জোরালো আলোচনা হচ্ছে।
এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে ব্রিগেডিয়ার জেনারেল নাজিম-উদ-দৌলা বলেন, ‘মেজর সাদিকের বিষয়টি আমাদের নজরে এসেছে। যদিও বিষয়টি তদন্তাধীন আছে, তারপরও আমি বলবো, এরকম একটা ঘটনার কথা জানার পরে সেনাবাহিনী তাকে হেফাজতে নিয়েছে। বিষয়টি তদন্তাধীন। তদন্তে তিনি দোষী প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনীর প্রচলিত নিয়মে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। যেহেতু বিষয়টি তদন্তাধীন আছে-তাই এর বেশি এই মুহূর্তে বলা আমার মনে হয় সমীচীন হবে না।’
গোপালগঞ্জের বিষয়ে এই সেনা কর্মকর্তা বলেন, ‘গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটেছে সেটি দুঃখজনক। কিন্তু কোন প্রেক্ষাপটে ঘটেছে, কেন সেখানে আইনশৃঙ্খলা বাহিনীকে বল প্রয়োগ করতে হয়েছিল, সে ব্যাপারে একজন বিচাপতিকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি খুঁজে বের করবে যে কীভাবে এটা হয়েছে, কেন হয়েছে, প্রেক্ষাপট কী ছিল? আমরা সে পর্যন্ত অপেক্ষা করি।’
গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলা ও সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল নাজিম-উদ-দৌলা বলেন, ‘গোপালগঞ্জের ঘটনা দুঃখজনক। তবে সে প্রেক্ষাপটে সেনাবাহিনী জীবন রক্ষার জন্যই হস্তক্ষেপ করেছে, কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে নয়।’
পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি নিয়ে এই সেনা কর্মকর্তা বলেন, ‘বর্তমানে সেখানে কেএনএফ অত্যন্ত নাজুক অবস্থায় আছে। আমাদের অভিযানে তাদের অনেক বেজ ও ট্রেনিং ক্যাম্প ধ্বংস করা হয়েছে। আর কেএনএফ আরাকান আর্মির কাছ থেকে অস্ত্র পাচ্ছে-এটি অস্বাভাবিক কিছু নয়। তারা একই গোত্রীয় মানুষ এবং একই ধরণের মানসিকতা নিয়ে কাজ করছে। সেক্ষেত্রে কেএনএফ আরাকান আর্মির কাছ থেকে যদি কোনো অস্ত্র পেয়েও যায়, এটাতে আমি অবাক হবো না।’
আরও পড়ুন: শেখ হাসিনাকে দেশে ফেরাতে আ.লীগের নতুন পরিকল্পনা, ঢাকায় প্রশিক্ষণ
