রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ২৩ জুলাই ২০২৫, ১০:০১ পূর্বাহ্ণ
দেশের বাজারে আরেক দফা বেড়েছে স্বর্ণের দাম। নতুন দাম অনুযায়ী আজ বুধবার থেকে স্বর্ণ বিক্রি হবে বাড়তি মূল্যে। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে।
গতকাল মঙ্গলবার (২২ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটি জানিয়েছে, ভরিপ্রতি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কিছুটা বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম (১১.৬৬৪ গ্রাম) ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা, ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে স্বর্ণের গহনা কিনতে ক্রেতাদের এর চেয়ে বেশি অর্থ গুনতে হবে। কারণ বাজুস নির্ধারণ করা দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে স্বর্ণের গহনা বিক্রি করা হয়। একই সঙ্গে ভরিপ্রতি মজুরি ধরা হয় ন্যূনতম সাড়ে ৩ হাজার টাকা। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে নতুন মূল্য তালিকায় স্বর্ণ বিক্রির অনুরোধ জানিয়েছে বাজুস।
এর আগে গত ৭ জুলাই ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০০ টাকা কমানো হয়েছিল।
রুপার দাম অপরিবর্তিত
স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেটের দাম প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের দাম প্রতি ভরি ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৭২৬ টাকা।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে চার দলের বৈঠক, কী কথা হলো
