, | |

মূলপাতা দেশজুড়ে

হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় হামলা করেছে মুজিববাদী সন্ত্রাসীরা: নাহিদ


সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের অন্যান্য নেতারা।
প্রকাশের সময় :১৬ জুলাই, ২০২৫ ১১:৩৯ : অপরাহ্ণ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে নেতাদের হত্যার উদ্দেশ্যে মুজিববাদী আদর্শের সন্ত্রাসীরা জঙ্গি কায়দায় হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ বুধবার রাত সাড়ে ৯টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

এ হামলা পূর্ব পরিকল্পিত উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, হামলায় এনসিপির তিনজন নেতাকর্মী আহত হয়েছেন। এই হামলায় আওয়ামী লীগের ফ্যাসিস্ট রুপের প্রকাশ ঘটেছে জনগণের সামনে।

এনসিপির আহ্বায়ক বলেন, যেহেতু আমাদের কর্মসূচি ঘোষনা করা হয়েছে ১ জুলাইয়ের আগে। এই সময়ের মধ্যে পরিকল্পনা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। গোপালগঞ্জ এখন আওয়ামী সন্ত্রাসীদের অভয়ারণ্য। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের যেসব নেতাকর্মীদের নামে মামলা হয়েছে সারাদেশ থেকে তারা এখানে এসে জড়ো হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, দেশের রাজনীতিতে একটি মিথ ছিলো যে, গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়া কেউ প্রোগ্রাম করতে পারবে না, এই মিথ আজ জাতীয় নাগরিক পার্টি ভেঙে দিয়েছে। জাতীয় নাগরিক পার্টি যেহেতু চ্যালেঞ্জ নিয়েছে ৩০ দিনে তারা ৬৪ জেলায় যাবে, আমরা সেই চ্যালেঞ্জ অবশ্যই পূরণ করবে।

 

এনসিপির আহ্বায়ক বলেন, আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী যথেষ্ট সহযোগীতা করেছে। তবে এভাবে হামলা অন্য কিছু ইঙ্গিত করে। প্রশাসনের পক্ষ থেকে সাবোট্যাজ করা হয়েছে কিনা সেটা খতিয়ে দখতে হবে। এই হামলা দীর্ঘ পরিকল্পনার ফসল বলে তিনি মন্তব্য করেন। স্টেজে হামলা, পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে। মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই এনসিপি তা অব্যহত রাখবে।

নাহিদ ইসলাম বলেন, হামলার পর সারাদেশে বিভিন্ন দল ও মতের মানুষ যেভাবে প্রতিবাদ জানিয়ে যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে তাতে আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আমরা বিভিন্ন জেলায় জেলায় গিয়ে সেখানকার সমস্যা সম্ভাবনা নিয়ে কথা বলছি। জুলাই অভ্যুত্থান নিয়ে কথা বলেছি। একই সঙ্গে এনসিপির পরিচিতি তুলে ধরছি। আমাদের সেখান থেকে মাদারীপুর ও শরিয়তপুরে কর্মসূচি ছিলো। সেখান থেকে ফেরার পথে আমাদের ওপর হামলা চালায়।

এনসিপির আহ্বায়ক জানান, গোপালগঞ্জের ঘটনায় মাদারীপুর ও শরীয়তপুরের কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরবর্তী সুবিধাজনক সময়ে এই দুই জেলায় কর্মসূচি পালন করা হবে। তবে আগামীকাল বৃহস্পতিবার পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ফরিদপুরের কর্মসূচি অনুষ্ঠিত হবে। আর গোপালগঞ্জে হামলার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: গোপালগঞ্জে সংঘর্ষে নিহত ৪, কারফিউ জারি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর