রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ১৪ জুলাই ২০২৫, ৬:২৮ অপরাহ্ণ
বিচারবহির্ভূত হত্যা, গুম, খুন ও দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে বিদেশে পালিয়ে থাকা পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদের নামে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় থাকা তার সম্পত্তি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের পক্ষে এ আবেদন করেন উপ-পরিচালক মো. হাফিজুর রহমান।
আদেশ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের লেক অ্যাভিনিউ ও লেক স্ট্রিটে অবস্থিত বেনজীরের দুটি স্থাবর সম্পত্তি (যার প্রতিটির মূল্য ২ লাখ ১৫ হাজার ডলার) জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং মালয়েশিয়ার সিআইএমবি ইসলামিক ব্যাংকে থাকা তার নামে খোলা মোট চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
দুদকের আবেদনে বলা হয়, বেনজীর আহমেদের বিরুদ্ধে ৯ কোটি ৪৪ লাখ ৬৪ হাজার ৭৫১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি পুলিশের আইজিপি থাকাকালীন সময়ে এসব সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে।
দুদকের আবেদনে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি বর্তমানে নিজের ও স্বজনদের নামে থাকা সম্পদ গোপনে হস্তান্তরের চেষ্টা করছেন। ফলে রাষ্ট্রের পক্ষে এসব সম্পদ বাজেয়াপ্তের সম্ভাবনা ক্ষুণ্ন হতে পারে। তাই মামলার চার্জশিট দাখিলের আগেই সংশ্লিষ্ট সম্পদ জব্দ করা জরুরি বলে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের আইজি ছিলেন। এর আগে, তিনি ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: সাবেক ডিএমপি কমিশনারসহ ৬ জনের বিচার শুরু
