চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের কনফারেন্স কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দকার এহসানুল কবির ফল ঘোষণা করেন।
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৮৩.০৪ শতাংশ। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর পাসের হার কমেছে ১৪.৯৫ শতাংশ।
এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।
এ বছর এসএসসিতে পাসের হার হলো ৬৮.৪ শতাংশ; গতবার ছিল ৮৩.৭৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে এক লাখ ২৫ হাজার ১৮ জন।
দাখিলের পাসের হার ৬৮.৯ শতাংশ; গত বছর ছিল ৭৯.৬৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৬৬ জন।
কারিগরিতে এবার পাসের হার ৭৩.৬৩ শতাংশ, গতবার ছিল ৮১.৩৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৯৪৮ জন।
এবার এসএসসিতে মেয়েদের পাসের হার ৭১.০৩ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৬৫.৮৮ শতাংশ। সেই হিসেবে এবারও পাসের হারে এগিয়ে রয়েছে ছাত্রীরা। এবছর সব শিক্ষা বোর্ডে ছাত্রের চেয়ে ছাত্রী ৩.৭৯ শতাংশ বেশি পাস করেছে।
এবার পাসের হারে শীর্ষ রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। এই বোর্ডে পাসের হার ৭৭.৬৩ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে যশোর শিক্ষা বোর্ড। পাসের হার ৭৩.৬৯ শতাংশ। এ ছাড়া কারিগরিতে পাসের হার ৭৩.৬৩ শতাংশ, চট্টগ্রামে ৭২.০৭ শতাংশ, মাদরাসায় ৬৮.০৯ শতাংশ, সিলেটে ৬৮.৫৭ শতাংশ, ঢাকা বোর্ডে ৬৭.৫১ শতাংশ, দিনাজপুরে ৬৭.০৩ শতাংশ, কুমিল্লায় ৬৩.৬০ শতাংশ, ময়মনসিংহে ৫৮.২২ শতাংশ এবং বরিশাল বোর্ডে ৫৬.৩৮ শতাংশ।
উল্লেখ্য, চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ পরীক্ষার্থী। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন।
আরও পড়ুন: জুলাই গণহত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি
