দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা কমেছে। ভরিতে দেড় হাজার টাকার বেশি কমেছে বিভিন্ন ক্যারেটের স্বর্ণের দাম।
সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে (১১.৬৬৪ গ্রাম) ১ হাজার ৫৭৫ টাকা কমানো হয়েছে। এতে ২২ ক্যারেটের স্বর্ণের বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকা। এর আগে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ছিল ১ লাখ ৭২ হাজার ১২৬ টাকা।
আজ সোমবার রাতে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কিছুটা কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬২ হাজার ৭৯৪ টাকা ও ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৯ হাজার ৫৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৫ হাজার ৩৯২ টাকা।
তবে স্বর্ণের গহনা কিনতে ক্রেতাদের এর চেয়ে বেশি অর্থ গুনতে হবে। কারণ বাজুস নির্ধারণ করা দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে স্বর্ণের গহনা বিক্রি করা হয়। একই সঙ্গে ভরিপ্রতি মজুরি ধরা হয় ন্যূনতম সাড়ে ৩ হাজার টাকা। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
আগামীকাল মঙ্গলবার থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে নতুন মূল্য তালিকায় স্বর্ণ বিক্রির অনুরোধ জানিয়েছে বাজুস।
এর আগে গত ১ জুলাই ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৮৯০ টাকা বাড়ানো হয়েছিল।
রুপার দাম অপরিবর্তিত
স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেটের দাম প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের দাম প্রতি ভরি ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৭২৬ টাকা।
আরও পড়ুন: ‘এমন কোনো জায়গা নেই যেখানে বিএনপি চাঁদা তোলে না’
