স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে যাদের আটক করা হয়েছে, তারা বাংলাদেশি জঙ্গি নয়। ভিসার মেয়াদ শেষ হওয়ায় তিনজনকে দেশে পাঠানো হয়েছে।
আজ রোববার ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রফতানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মালয়েশিয়ার পুলিশের চিফ যে পাঁচজনকে নিয়ে কথা বলেছেন সেই পাঁচজন দেশে আসেনি। তাদের সঙ্গে আমাদের সরকারি লেভেলে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। আমরা তদন্ত করে দেখব। তবে বাংলাদেশে তাদের কোনো সম্পৃক্ততা নেই।
মালয়েশিয়ার আইজিপি বাংলাদেশের পাঁচজনকে জঙ্গি সম্পৃক্ততার কথা বলেছেন, এটা কীভাবে দেখছেন? এমন প্রশ্নের উত্তরে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সে দেশের (মালয়েশিয়ার) আইজিপি কী বলেছে আমি জানি না। আমরা অফিসিয়ালি সরকারি লেভেলে কোনো মেসেজ পাইনি। আমরা বিভিন্ন মাধ্যমে যে মেসেজ পেয়েছি সেটা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রেস রিলিজ আপনাদের দেওয়া হয়েছে।
জঙ্গিবাদ নিয়ে বাংলাদেশের অবস্থান এখন কেমন জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে কোনো ধরনের জঙ্গি নেই। আপনাদের সহযোগিতায় জঙ্গি নির্মূল করা হয়েছে। আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি। গত ১০ মাসে জঙ্গি নিয়ে কোনো তথ্য আপনারা দিতে পেরেছেন? যেহেতু জঙ্গি নাই, আপনারা তথ্য দিতে পারেননি। আগে ছিল, আপনারা তথ্য দিয়েছেন।
আপনি কী মনে করেন বিভিন্ন মহল থেকে বাংলাদেশকে জঙ্গি তকমা লাগানো হচ্ছে? এমন প্রশ্নের উত্তরে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এটা হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয় ভালো বলতে পারবে।
উল্লেখ্য, সম্প্রতি মালয়েশিয়া পুলিশ জানায়, চলতি বছরের এপ্রিল থেকে পরিচালিত ধারাবাহিক অভিযানে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে আটক করা হয়। তারা দেশটিতে কারখানা, নির্মাণ ও সেবা খাতে কর্মরত ছিলেন। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে মামলা করে মালয়েশিয়ার সরকার। ১৫ জনকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। আর ১৬ জন এখনো মালয়েশিয়ায় পুলিশের হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে তদন্ত চলছে বলে সম্প্রতি দেশটির পুলিশপ্রধান মোহাম্মদ খালিদ ইসমাইল জানিয়েছেন।
আরও পড়ুন: জাতীয় নির্বাচন পদ্ধতি বদল নিয়ে রাজনীতিতে বিতর্ক
