রাজনীতি সংবাদ প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশের সময় : ৪ জুলাই ২০২৫, ৭:০৩ অপরাহ্ণ
দেশবাসীকে তরুণ ও বিকল্প নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় নাগরিক পার্টির কার্যক্রম সারাদেশেই চলছে। আপনারা আমাদের হাতকে শক্তিশালী করবেন, তরুণ ও বিকল্প নেতৃত্বকে বেছে নেবেন। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র-মৌলিক সংস্কার, জুলাই গণহত্যার বিচার এবং নতুন সংবিধানের জন্য আমরা লড়াই করছি।
এনসিপির ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আজ শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এক পথসভায় তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘অবশ্যই জুলাই-আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে এবং এর সাংবিধানিক ভিত্তি থাকবে। যে কারণে আমার দেশের হাজারো মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের আত্মত্যাগ ও আকাঙ্ক্ষার ভিত্তিতে আগামীর বাংলাদেশ হবে।’
এনসিপির এই আহ্বায়ক বলেন, ‘ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এখনো হয়নি। জাতীয় নাগরিক পার্টি জুলাই গণঅভ্যুত্থানের পর যে নতুন বাংলাদেশের স্বপ্ন বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ, কৃষক-শ্রমিকের বাংলাদেশ, সাধারণ মানুষের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, মর্যাদার বাংলাদেশের জন্য লড়াই করছে। আগের সিস্টেম এখনো রয়ে গেছে। সেই সিস্টেম বিলোপ করে নতুন দেশ গঠনের জন্যই আমরা লড়াই করে যাচ্ছি।’
সীমান্ত হত্য প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী এলাকায় সীমান্ত হত্যা বড় সমস্যা। ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বাংলাদেশের নাগরিকদের নির্বিচারে গুলি করে হত্যা করে। সাম্প্রতিক সময়ে আমরা দেখি ভারতে যারা মুসলিম রয়েছে তাদেরকে অবৈধ অভিবাসী বলে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা করা হয়।’
ভারতকে হুঁশিয়ার করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘এটা হাসিনার বাংলাদেশ নয়। এটা গণঅভ্যূত্থানের পর ছাত্র-জনতার বাংলাদেশ। বাংলাদেশপন্থীদের হাতেই বাংলাদেশ চলবে। এই সীমান্ত হত্যা আমরা যেকোনো মূল্যে বন্ধ করবো।’
সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাছের খান, আবু সাঈদ লিওন এবং ঠাকুরগাঁও জেলার প্রধান সমন্বয়ক গোলাম মুর্তজা সেলিমসহ স্থানীয় নেতাকর্মীরা।
আরও পড়ুন: জাতীয় নির্বাচন পদ্ধতি বদল নিয়ে রাজনীতিতে বিতর্ক
