রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ২৪ জুন ২০২৫, ৮:২৪ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির পর ঘরে ঘরে বিজয় উৎসব বিরাজ করছে ইরানে। দেশটির শীর্ষ নেতারা যুদ্ধবিরতিকে ‘ঐতিহাসিক জয়’ হিসেবে বর্ণনা করছেন। সরকারপক্ষ বলছে, এই অর্জন প্রমাণ করে ইরান এখন কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক শক্তিও।
ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেন, ‘এই বিজয় পশ্চিমাদের শিং ভেঙে দিয়েছে। পুরো বিশ্ব আজ আমাদের সক্ষমতা নতুন চোখে দেখছে।’
পার্লামেন্টের স্পিকার গালিবাফের উপদেষ্টা মেহদি মোহাম্মাদি একে ‘নতুন যুগের সূচনা’ বলে অভিহিত করেছেন।
ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ‘ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেউ উৎপাটন করতে পারবে না। আমাদের যে ক্ষমতা ও সক্ষমতা রয়েছে, তা বিবেচনায় নিয়ে বলা যায় পারমাণবিক কর্মসূচি অটল থাকবে এবং কোনোভাবেই থামানো যাবে না।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ট্রুথ সোশ্যালে জানান, ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে যুদ্ধবিরতির আগেই ইরান ইসরায়েলের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে যেখানে অন্তত চারজন নিহত হয়। বিষয়টি নিয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি।
বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির বাস্তবতা এখনো অনিশ্চিত হলেও ইরান এই মুহূর্তে এটিকে কৌশলগত বিজয় হিসেবে ব্যবহার করছে জনমত গঠনে এবং আঞ্চলিক প্রভাব বিস্তারে। সরকারি প্রচারণা ও ঘরে ঘরে ‘বিজয় উৎসব’ মূলত অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও জাতীয়তাবাদী আবেগকে জোরদার করতেই।
গত কয়েক মাস ধরে ইসরায়েল-ইরান উত্তেজনা ক্রমশ তীব্র হচ্ছে। এ অবস্থায় ট্রাম্পের পক্ষ থেকে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও এর বাস্তবতা ও কতটা কার্যকর হবে, তা নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকরা সন্দিহান। তবে ইরানের শীর্ষ নেতৃত্ব এটিকে একটি প্রতীকী জয় হিসেবে তুলে ধরেছেন, যা দেশের ভেতরে জনমত ও আঞ্চলিক সমর্থন জোরদারে ভূমিকা রাখছে বলে মনে করা হচ্ছে।
আজ মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানিয়েছেন।
এদিকে ইরানের টেলিভিশনের খবরেও যুদ্ধবিরতি কার্যকরের কথা বলা হয়েছে। তবে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেয়ার আগে তেহরান ইসরায়েলে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে চারজন নিহত হয়েছে। এ নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল।
আরও পড়ুন: ইরান-ইসরায়েল যুদ্ধে কে জিতলো, ট্রাম্প কী পেলেন
