, | |

মূলপাতা আন্তর্জাতিক

ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নতুন ঝাঁক ছুড়েছে ইরান


আজ ইরান থেকে নতুন করে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
প্রকাশের সময় :২০ জুন, ২০২৫ ৭:৩৪ : অপরাহ্ণ

সপ্তাহ ধরে চলা হামলা-পাল্টা হামলার মাঝেই আবারও ইসরায়েলজুড়ে একযোগে অন্তত ২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নতুন ঝাঁক ছুড়েছে ইরান।

আজ শুক্রবার ইরানের সামরিক বাহিনীর এই হামলায় তেল আবিব, জেরুজালেম এবং হাইফাসহ বিভিন্ন প্রান্তে লোকজন আহত হয়েছেন বলে ইসরায়েলের গণমাধ্যম খবর দিয়েছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের স্থানীয় টেলিভিশন চ্যানেল-১২ বলেছে, ইরানের ছোড়া এবারের ক্ষেপণাস্ত্রের বহরে অন্তত ৩৯টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে।

 

যদিও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, নতুন দফার হামলায় ইরান ২৫টির মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে ইসরায়েলের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বেশ কিছু ভবনের ক্ষয়ক্ষতি ও লোকজন আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ছোড়া নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে হাইফা নগরীতে অন্তত দু’জন আহত হয়েছেন। তাদের মধ্যে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডম বলেছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে গুরুতর আহত ১৬ বছর বয়সী কিশোরের চিকিৎসা চলছে। হাইফায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ওই কিশোর ছাড়াও ৫৪ বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

জরুরি সেবা সংস্থার কর্মীরা ইসরায়েলের মধ্য ও দক্ষিণাঞ্চলেও ক্ষেপণাস্ত্রের আঘাতে লোকজনের আহত হওয়ার খবর পেয়েছেন বলে দেশটির সংবাদমাধ্যম খবর দিয়েছে।

টাইমস অব ইসরায়েল বলেছে, হাইফা ছাড়াও দক্ষিণাঞ্চলের বীরসেবাতেও ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। পাশাপাশি জেরুজালেমেও অন্তত একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

উল্লেখ্য, গত ১২ জুন দিনগত রাত হঠাৎ ইরানে হামলা শুরু করে ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী সেনারা।

হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার হোসেইন সালামি, খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের কমান্ডার ও বিপ্লবী রক্ষীবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল গোলাম আলি রশিদ ও ছয়জন পরমাণু বিজ্ঞানীসহ অন্তত কয়েকশ মানুষের মৃত্যু হয়েছে।

ইসরায়েলের হামলার পর পাল্টা প্রতিশোধ হিসেবে শুক্রবার রাতে ‘অপারেশন ট্রু প্রমিস-৩ নামে’ অভিযান শুরু করে ইরান। তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে ভেদ করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এতে হতাহত কম হলেও ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। ইরানের হামলার ভয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন ইহুদিবাদীরা। দুই দেশের মধ্যে সংঘাত এখনও চলমান রয়েছে।

আরও পড়ুন: ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে খামেনির ভিডিও পোস্ট, যা জানা গেলো

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর