চার দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার সকাল পৌনে ১০টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।
এর আগে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমনাটি লন্ডন সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
চার দিনের এই সফরে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের হাউস অব কমন্সের স্পিকার ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠকে মিলিত হন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও গতকাল বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে- অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার এই সফরে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের বিষয়টি সবচেয়ে গুরুত্ব পেয়েছে বলে গতকাল জানিয়েছিলেন তার প্রেস সচিব শফিকুল আলম।
এদিকে এই সফরে অধ্যাপক ইউনূস ‘কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ সম্মাননা গ্রহণ করেন। সারাজীবন মানুষের কল্যাণে কাজ করার স্বীকৃতিস্বরূপ তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
আরও পড়ুন: নির্বাচন নিয়ে ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে যে কথা হলো
