ইরানের পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ফ্যাক্টরি ও সামরিক স্থাপনায় আজ শুক্রবার ভোরে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় দেশটির অভিজাত বাহিনী রেভল্যুশনারি গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন। এ ছাড়া দেশটির দুই শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মাহদি তেহরানচি ও ফারেইদুন আব্বাসি নিহত হয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে পৃথকভাবে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম সিএনএন।
এছাড়া ইসরায়েলের হামলায় রাজধানী তেহরানে অবস্থিত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সদর দপ্তরে আঘাত হানা হয়েছে বলে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ওই এলাকায় আগুন ও ধোঁয়ার ঘন কুণ্ডলী দেখা গেছে।
সিএনএন বলছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস এর কমান্ডার-ইন-চিফ জেনারেল হোসেইন সালামি ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে একাধিক ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
আজ সকালে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন ও সংবাদ সংস্থাগুলো আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করে জানায়, রাজধানী তেহরানে আইআরজিসি-এর সদর দপ্তরে হামলার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন।
হোসেইন সালামি ২০১৯ সাল থেকে বিপ্লবী গার্ডস বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং ইরানের পরমাণু ও সামরিক কৌশল নির্ধারণে ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার নেতৃত্বেই ইরান আঞ্চলিক প্রভাব বিস্তারে একাধিক সামরিক কার্যক্রম চালিয়ে এসেছে, বিশেষত ইরাক, সিরিয়া ও লেবাননে।
এই ঘটনায় ইরানজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দেশটির সেনাবাহিনী ও রেভল্যুশনারি গার্ডস এরই মধ্যে তার মৃত্যু নিশ্চিত করে প্রতিশোধের হুমকি দিয়েছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস মূলত একটি সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি যা দেশটির ইসলামি শাসন ব্যবস্থার প্রতি ভেতর ও বাইরে থেকে আসা যে কোনো হুমকিকে প্রতিরোধে কাজ করে।
বিবিসি বলছে, আইআরজিসি ইরানের সশস্ত্র বাহিনীর একটি শক্তিশালী শাখা, যার রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক প্রভাব দেশটির ভেতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গার্ডস বাহিনী বিশেষত ইরানের পরমাণু কর্মসূচি এবং আঞ্চলিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আরও পড়ুন: ইরানের পারমাণবিক-সামরিক স্থাপনায় ইসরায়েলের ভয়াবহ হামলা
