, | |

মূলপাতা আন্তর্জাতিক

ভারতে বিমান বিধ্বস্ত: ২০৪ মরদেহ উদ্ধার


প্রকাশের সময় :১২ জুন, ২০২৫ ৮:১৬ : অপরাহ্ণ

ভারতের আহমেদাবাদে আবাসিক এলাকায় এয়ার ইনডিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলের একটি ভবন থেকে ২০৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ভারতের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়া বিমানটি স্থানীয় বি.জে. মেডিকেল কলেজ হোস্টেলের ডাইনিংয়ের উপর বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, ভেতরে থাকা অনেক মেডিকেল শিক্ষার্থীও মারা গেছেন।

এদিকে ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনের (এফএআইএমএ) জানিয়েছে, ৫০ থেকে ৬০ জন মেডিকেল শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্তত পাঁচজন শিক্ষার্থী মারা গেছে ও অন্তত দুজনকে নিবিড় পরিচর্যা ইউনিটে রাখা হয়েছে।

পুলিশ প্রধানের বরাত দিয়ে বিবিসি জানায়, দুর্ঘটনাস্থল থেকে অন্তত ২০৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের কতজন বিমানের আরোহী এবং কতজন মাটিতে ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা গেছে, বিমানটির বিভিন্ন অংশ ভবনের চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে। বিমানের লেজ ভবনের ছাদে আটকে রয়েছে।

বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি আজ বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেওয়ার পরই দুর্ঘটনায় পড়ে। উড়োজাহাজটিতে ২৪২ জন আরোহী ছিলেন।

বিবিসি বলছে, লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরগামী ওই উড়োজাহাজে যে ২৪২ জন আরোহী ছিল, তার মধ্যে দুইজন পাইলট ও ১০ জন ক্রুও ছিলেন।

যাত্রীদের মধ্যে ৫৩ জন ব্রিটিশ নাগরিক, একজন কানাডার ও ৭ জন পর্তুগালের নাগরিক রয়েছে বলে জানিয়েছে এয়ার ইনডিয়া। বাকিরা সবাই ভারতীয় নাগরিক।

আহমেদাবাদ বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের তথ্যের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, রানওয়ে ২৩ থেকে বেলা দেড়টার কিছু সময় পর উড়োজাহাজটি বিমানবন্দর ছাড়ে। এরপরই সেটি ‘মে ডে’ সঙ্কেত দেয়, এরপর আর উড়োজাহাজের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

আরও পড়ুন: ভারতে ২৪২ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর