, | |

মূলপাতা আন্তর্জাতিক

বিমান বিধ্বস্তে অলৌকিকভাবে বেঁচে গেলেন এক যাত্রী (ভিডিও)


বিমান দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া ৪০ বছর বয়সী ব্রিটিশ নাগরিক বিশ্বাষ কুমার রমেশ। ছবি: সংগৃহীত
প্রকাশের সময় :১২ জুন, ২০২৫ ৯:২৬ : অপরাহ্ণ

ভারতের গুজরাটের আহমেদাবাদে ২৪২ আরোহী নিয়ে বিধ্বস্ত বিমানটির এক যাত্রী অলৌকিকভাবে বেঁচে গেছেন। ভয়াবহ এ দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া ওই যাত্রী ৪০ বছর বয়সী ব্রিটিশ নাগরিক বিশ্বাষ কুমার রমেশ। তাকে হাঁটতেও দেখা গেছে। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

খবরে বলা হয়, বিশ্বাষ কুমার রমেশ বিমানের ১১এ আসনের যাত্রী ছিলেন। তার পরনে ছিল সাদা টি-শার্ট এবং কালো রঙের ট্রাউজার্স। তার টি-শার্টে রক্তের ছোপ রয়েছে। এছাড়া মুখ ও কপালে রয়েছে জখমের চিহ্ন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, বেঁচে যাওয়া এই ব্রিটিশ নাগরিক বিমান দুর্ঘটনার সময়ের শেষ মুহূর্তগুলো নিয়ে কথা বলেছেন।

রমেশ হিন্দুস্তান টাইমসকে বলেছেন, উড্ডয়নের ত্রিশ সেকেন্ড পর একটি বিকট শব্দ হয়। তারপর বিমানটি বিধ্বস্ত হয়। সবকিছু এতো দ্রুত ঘটে গেলো।

 

খবরে বলা হয়, রমেশ ২০ বছর ধরে লন্ডনে বসবাস করছেন। পরিবারের সাথে দেখা করতে কয়েকদিন ভারতে ছিলেন।

তিনি বলছিলেন, আমি যখন উঠে দাঁড়ালাম, তখন আমার চারপাশে মৃতদেহ পড়ে ছিল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি উঠে দাঁড়িয়ে দৌড়েছিলাম। আমার চারপাশে বিমানের টুকরো পড়ে ছিল। এরপর কেউ আমাকে ধরে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে গেল।

রমেশ তার ৪৫ বছর বয়সী ভাই অজয় ​​কুমারের সঙ্গে যুক্তরাজ্যে ফিরছিলেন। ধারণা করা হচ্ছে, বিমানে তার ভাইকে অন্য কোথাও বসানো হয়েছিল।

বেঁচে যাওয়া রমেশ আরও বলছিলেন, আমরা দিউয়ে (ভারতের শহর) গিয়েছিলাম। তিনি (ভাই অজয় ​​কুমার) আমার সাথেই ভ্রমণ করছিল। আমি তাকে আর খুঁজে পাচ্ছি না। দয়া করে আমাকে তাকে খুঁজে পেতে সাহায্য করুন।

প্রসঙ্গত, এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ বিমানটি আজ বৃহস্পতিবার বেলা ১টা ৩৯ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেছিল। কিন্তু, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়ে যায় বোয়িং ৭৮৭-৮ কুইকজেট সিরিজের বিমানটি।

বিমানে ২১৭ জন প্রাপ্তবয়স্ক, ১১ শিশু এবং ২ নবজাতক ছিল। এয়ার ইন্ডিয়ার মতে, যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডীয় নাগরিক ছিলেন।

বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলটরা ‘মেডে কল’ নামে একটি জরুরি সংকেত পাঠান, যা সাধারণত বিপদের সময় পাঠানো হয়। কিন্তু এরপর আর তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছে ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা।

ভিডিওটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

আরও পড়ুন: ভারতে বিমান বিধ্বস্ত: ২০৪ মরদেহ উদ্ধার

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর