আলোচনার জন্য আগামী ২ জুন বিএনপিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আজ শনিবার দুপুরে রাজধানীতে কৃষকদলের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।
আগামী ২ জুন প্রধান উপদেষ্টা আলোচনার জন্য বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আলোচনার জন্য আনুষ্ঠানিকতার কমতি নেই। কিন্তু কাজের কাজ কিছুই নেই তাদের৷’
সংস্কারের নামে কলা ঝুলানো হচ্ছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে, এটা জনগণের দাবি। ডিসেম্বরের পর নির্বাচন দেওয়ার কোনো কারণ নাই।’
ডিসেম্বরের পর নির্বাচনের জন্য একটি যুক্তি থাকলেও তা যেন সরকার প্রকাশ করে, সেই দাবি জানিয়েছেন বিএনপির এই নেতা।
আক্ষেপ প্রকাশ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যারা নির্বাচন চায় না, তারা বিএনপি নেতাদের দেশদ্রোহী ও অন্য দেশের এজেন্ট বলছে। ১৭ বছরের ত্যাগের প্রতিদান দিচ্ছে একটি মহল। ফ্যাসিবাদের কুটচালে জাতির মধ্যে একটি গোষ্ঠী বিভেদ সৃষ্টি করছে।’
প্রসঙ্গত, গত ২৪ মে যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠকে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানসহ ৩ উপদেষ্টার পদত্যাগের দাবি জানান তারা।
আরও পড়ুন: উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ও নির্বাচনের রোডম্যাপ চাইলো বিএনপি
