, | |

মূলপাতা জাতীয়

সচিবালয়ে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ


প্রকাশের সময় :২৬ মে, ২০২৫ ১১:০২ : অপরাহ্ণ

সচিবালয় ও এর আশপাশের এলাকায় সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ সোমবার রাতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ মে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কর্তৃক জারি করা বিজ্ঞপ্তি মোতাবেক বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যেকোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ রয়েছে।

এমতাবস্থায় আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে উক্ত নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়।

এদিকে সচিবালয়ে মঙ্গলবার দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ তথ্য জানায়।

জননিরাপত্তা বিভাগের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব আবদুল্যাহ আল জাবেদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত আগামীকাল ২৭ মে মঙ্গলবার সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনের মধ্যেই এ নির্দেশনা এলো।

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদনের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো আজ সচিবালয়ের ভেতরে ও বাইরে বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা।

আন্দোলনরত কর্মচারীরা সচিবালয়ের ভেতরে প্রধান ফটকের কাছে অবস্থান নেন। এ সময় তারা ফটক বন্ধ করে দেন।

আরও পড়ুন: সরকার ও সেনাবাহিনীর মধ্যে কোনো বিভেদ নেই: সেনা সদর

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর